আগামি ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছ, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম ও বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এই আদেশ আগামী ২ জুলাই হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব প্রকাশ করা হয়।









