মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে নিয়মিত আপিল দায়েরের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৯ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে এইচআরপিবির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
পরে তিনি জানান, এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণের নির্দেশনা দিয়ে ২০১২ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে তার ওপর শুনানি শেষে আজ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মনজিল মোরসেদ আরও জানান, সরকারের পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মহাস্থানগড়ে আগত নারীদের নামাজের স্থান ও ওয়াশরুম তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান।
মহাস্থানগড়ের ভেতর নির্মাণকাজে নিষেধাজ্ঞা থাকায় এসব কাজ করার জন্য রায় সংশোধনের আবেদন জানান।
২০১০ সালে মহাস্থানগড়ের সীমানার ভেতরে তৎকালীন মাজার কমিটি মসজিদ নির্মাণসহ উন্নয়নমূলক কাজ করতে গেলে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
এরপর মহাস্থানগড় সংরক্ষণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে এইচআরপিবি রিট পিটিশন দায়ের করে।
হাইকোর্ট বিভাগ একটি কমিটি গঠন করে বিষয়টি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই কমিটি মহাস্থানগড় সংরক্ষণের জন্য পার্শ্ববর্তী পূর্ব পাশে মসজিদ নির্মাণের সুপারিশ করে। শুনানি শেষে আদালত মহাস্থানগড়ের সীমানার মধ্যে যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেন।









