হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়াশরুমের হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্যাকেটগুলো খুলে পাওয়া গেছে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। প্রাথমিক হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়ারপোর্ট (এ-শিফট) অভিযান চালায়। এ সময় কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় প্যাকেটগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে খোলা হয়। সেখানে প্রাথমিকভাবে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।
বর্তমানে রেজিস্টার্ড স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণসহ প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হতে পারে।
পরীক্ষণ সম্পন্ন হলে স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।









