রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তার নাম শারমিন আক্তার (৩৪)। অভিযোগ উঠেছে, তিনি ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করতেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের তৃতীয় তলা থেকে তাকে আটক করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আনসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালের ৩১৩ নম্বর ওয়ার্ডে ডিউটিরত চিকিৎসকের অ্যাপ্রোন পরা অবস্থায় শারমিন আক্তারকে দেখতে পান আনসার সদস্যরা। এ সময় তার পরিচয় ও হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে নিজেকে চিকিৎসক দাবি করেন। একপর্যায়ে তিনি জানান, তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।
প্রাথমিকভাবে জানা যায়, ওই নারী চিকিৎসকের অ্যাপ্রোন পরে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন।
বিষয়টি জানতে পেরে আনসার সদস্যরা নজরদারি বাড়িয়ে তাকে আটক করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ওই নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।









