রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করেন আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।