ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (১৯) কোতোয়ালি থানায় পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের শেখ কামাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনও আইনজীবী ছিন না। তাকে এজলাসেও ওঠানো হয়নি।
এর আগে, একই দিন ভোর ৬টার দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা-পুলিশ। এরপর দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুফল কুমার রায়।
ওই আবেদনে উল্লেখ করা হয়, কাউসারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর তাকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতে হাজির করার জন্য মহানগর জজ আদালতের হাজতখানা থেকে দুই পুলিশ সদস্যের মাধ্যমে পাঠানো হয়। আদালতের কার্যক্রম শেষে অন্য দুই আসামিকে হাজতখানায় ফেরত নেওয়া হলেও কাউসার ও মাইদুর রহমানকে কাঠগড়ায় রাখা হয়।
পরে দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাতুল ইসলাম দুই আসামির হাতকড়ার এক অংশ কাঠগড়ার গ্রিলের সঙ্গে এবং অন্য অংশ তাদের হাতে লাগিয়ে রাখেন। পরে পেশকারের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেলে সেই সুযোগে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা দণ্ডবিধির ২২৪ ধারায় মামলাটি দায়ের করেন।