সাইবার অপরাধ প্রতিরোধ এবং নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশকিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন (এইচআরএসএস)।
বিশেষ করে আইনের ৮(২), ২৫ক, ২৫খ, ২৬ক, ২৯, ৪৬ ও ৪৬ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতারসংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।
এইচআরএসএস মনে করে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
এইচআরএসএস বলছে, প্রস্তাবিত সংশোধনীর কয়েকটি বিষয় বিশেষ উদ্বেগের জন্ম দিয়েছে। এইচআরএসএসের পর্যবেক্ষণ উল্লেখ করা হয়–
প্রথমত, ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারা: অনলাইন কনটেন্ট ব্লক ও অপসারণের ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের ক্ষমতা এবং পরবর্তী প্রতিকারব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। যথাযথ বিচারিক তদারকি ছাড়া কোনও কনটেন্ট অপসারণ বা ব্লক করার সুযোগ থাকলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করতে পারে।
দ্বিতীয়ত, ২৫ক ধারা: সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ এবং সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলার ঝুঁকি তৈরি করতে পারে। মানহানির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তৃতীয়ত, ২৫খ ধারা: হেয়প্রতিপন্ন করা ও বুলিংয়ের সংজ্ঞা এবং এর প্রয়োগের সীমারেখা স্পষ্ট না হলে রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, সামাজিক সমালোচনা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
চতুর্থত, ২৬ক ধারা: গুজব ও অপতথ্য প্রচারের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব উদ্বেগজনক। কোনও তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলেই তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। তথ্যের প্রকৃতি, প্রকাশকারীর উদ্দেশ্য, প্রকৃত ক্ষতি এবং অপরাধের উপাদান সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।
পঞ্চমত, ২৯ ধারা: প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বা কার্যক্রম বাতিলের মতো ব্যবস্থা গ্রহণের সুযোগ সংবাদমাধ্যম, নাগরিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের স্বাধীন কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যক্তির অপরাধের দায় ব্যক্তির ওপর নির্ধারণ এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রত্যক্ষ দায় ও আনুপাতিকতা নিশ্চিত করা প্রয়োজন।
ষষ্ঠত, ৪৬ ও ৪৬ক ধারা: মতপ্রকাশ-সম্পর্কিত কয়েকটি অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য বিশেষ আইনি সুরক্ষা রাখার বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন। একই ধরনের সুরক্ষা সাধারণ নাগরিক, অনলাইন সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক ও জনস্বার্থে তথ্য প্রকাশকারীদের জন্যও নিশ্চিত করতে হবে।
এছাড়া ৩৩, ৩৪ ও ৩৫ ধারায় তদন্ত, তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ এবং গ্রেফতারসংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা, নাগরিকের স্বাধীনতা ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা থাকা জরুরি।
সরকারের প্রতি এইচআরএসএস কয়েকটি সুপারিশ তুলে ধরেছে। সেগুলো হলো–
১. প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করতে হবে।
২. সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দিতে হবে এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৩. গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করতে হবে। কেবল ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ রাখা যাবে না।
৪. রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দিতে হবে।
৫. অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে।
৬. মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করতে হবে এবং নির্বিচার গ্রেফতার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেফতারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।
৮. নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৯. জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন, বহুপক্ষীয় ও দলনিরপেক্ষ করতে হবে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে হবে, বেসরকারি বিশেষজ্ঞদের স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করতে হবে এবং সভা প্রতি তিন মাসে অন্তত একবার রাখতে হবে।
১০. ধারা ৫২ এর দায়মুক্তির সঙ্গে বেআইনি গ্রেফতার, অন্যায় কনটেন্ট ব্লক বা ক্ষমতার অপব্যবহারের শিকার নাগরিকের জন্য ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকারের বিধান যুক্ত করতে হবে।
১১. আইনটি চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অর্থবহ আলোচনার আয়োজন করতে হবে।
এইচআরএসএস মনে করে, ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং একটি গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে উভয়ের সুরক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।