জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক

জামাল উদ্দিন ও সুজন কৈরী
১৯ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০১

নাশকতার আগুন এখন আর রাজধানীর সড়ক কিংবা পরিত্যক্ত বাসে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়ছে জেলা শহর, উপজেলা, মহাসড়ক, এমনকি থানা ও সরকারি স্থাপনাতেও। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও যানবাহনে অগ্নিসংযোগ, কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ হামলা চালানো হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, নারায়ণগঞ্জে এক রাতে পাঁচ যানবাহনে অগ্নিসংযোগ এবং চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনা নতুন করে সামনে এনেছে জননিরাপত্তার বিষয়টি। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। কখন কোথায় আগুনের ঘটনা ঘটবে, পেট্রোল বোমা কিংবা ককটেলের বিস্ফোরণ ঘটবে তার কোনও নিশ্চয়তা নাই।

একদিকে সরকার বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে নাশকতার বিস্তৃতি ও পুনরাবৃত্তি মোকাবিলায় পুলিশ, বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) মাঠে নামাতে হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার (১৮ নভেম্বর) সরকারদলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকার বাইরে সহিংসতার নতুন বিস্তৃতি

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় কয়েকজনকে গ্রেফতারের প্রতিবাদে উত্তেজনার একপর্যায়ে থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা চত্বরে যানবাহনে আগুন দেয়। গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আক্রান্ত হয় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া থানায় আগুনে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। নিলফা এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তাঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয়। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ছিল সীমিত। নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি কমেছে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় জনচলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি শুধু টুঙ্গিপাড়া নয়, জেলার অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও চাঁদমারী এলাকায় তিনটি বাস ও দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রূপগঞ্জের গোলাকান্দাইলে পার্কিং করা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বাসমালিক শহিদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, বাসের আয় দিয়েই তার সংসার এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চলতো। আগুনে তার জীবিকার প্রধান অবলম্বন শেষ হয়ে গেছে।

চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। এর আগে খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ, ঝিনাইদহের বারবাজার রেলওয়ে স্টেশনে হামলা এবং নাটোরে গুলির ঘটনা ঘটেছে।

১০ দিনের পরিসংখ্যানে উদ্বেগের চিত্র

পুলিশ সদর দফতরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা এবং ৬০ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর আগের ৯ দিনে ৪৫টি যানবাহনে আগুন ও ৫১টি স্থানে বিস্ফোরণের তথ্য পাওয়া গিয়েছিল। এর বাইরে ১৭ ও ১৮ নভেম্বরের সহিংসতা ছিল আরও ব্যাপক।

রাজধানীতে বুধবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসে ২৭টি এবং অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণ হয়েছিল। অথচ নভেম্বরের প্রথম ১৮ দিনেই এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫টিতে।

আতঙ্কের প্রভাব জনজীবনে

সাম্প্রতিক সহিংসতায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় শুধু মালিক ক্ষতিগ্রস্ত হন না। চালক, শ্রমিক, যাত্রী এবং পরিবহননির্ভর মানুষের জীবনযাত্রাও ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন, আন্তজেলা সড়ক ও গুরুত্বপূর্ণ মহাসড়কে নাশকতার আশঙ্কা তৈরি হলে পরিবহন পরিচালনায় অনিশ্চয়তা বাড়ে। নির্ধারিত সময়ে কর্মস্থল, চিকিৎসাকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর বিষয়েও উদ্বেগ তৈরি হয়। গোপালগঞ্জে দোকানপাট আংশিক বন্ধ থাকা, সড়কে যানবাহন কমে যাওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কমে যাওয়ার ঘটনায় নাশকতার প্রভাব সরাসরি ঘটনাস্থলের বাইরে সাধারণ জনজীবনেও পড়ছে। এরমধ্যে পলাতক রাজনৈতিক নেতারা প্রতিপক্ষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টদের মতে, মানুষ যখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে স্বাভাবিক চলাচল সীমিত করেন। তখন সেটিও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের গুরুত্বপূর্ণ সূচক হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর নির্দেশ: এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয়। মূলত, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্যই প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পর্যায়ে এই নির্দেশনা গুরুত্বপূর্ণ হলেও জননিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর। স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতি পরিস্থিতি সম্পর্কে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সাধারণ মানুষের উদ্বেগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সহায়ক হতে পারে। তবে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি প্রয়োজন নিরপেক্ষ আইন প্রয়োগ ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

সাম্প্রতিক নাশকতা নিয়ে জাতীয় সংসদে একাধিকবার বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১০ নভেম্বর সংসদে বিরোধীদলীয় নেতাদের উদ্বেগের জবাবে তিনি বলেছিলেন, বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়। পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে আগের বছরের অপরাধের পরিসংখ্যান বিবেচনার ওপরও গুরুত্ব দেন তিনি। ১১ নভেম্বর সংসদে তুলনামূলক তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৯৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫১টিতে। অন্যান্য কয়েকটি অপরাধও কমেছে বলে দাবি করেন তিনি।

তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর সংসদে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘হামলাকারীদের ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড পর্যালোচনা করে শনাক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ দেশের বাইরে থেকে আওয়ামী লীগের সাবেক নেতাদের বিরুদ্ধে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নির্বিচারে বলপ্রয়োগ করতে চায় না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরীহ মানুষের নিরাপত্তা রক্ষা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারা এসব ঘটাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’’ ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি, এসআরবির বিশেষ প্রস্তুতি

পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে টুঙ্গিপাড়া এবং আশপাশের এলাকায়।

বুধবার রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, এসআরবি-৬ ও এসআরবি-১০ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি কম্পোজিট ফোর্স গোপালগঞ্জে নিয়োজিত রয়েছে। তারা দিনরাত সেখানে কাজ করছে। কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা সহিংসতার চেষ্টা করা হলে তা প্রতিরোধে এসআরবি বদ্ধপরিকর বলে জানান তিনি।

শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য সহিংসতা প্রতিরোধে সংস্থাটির তৎপরতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এসআরবির এই কর্মকর্তা।

গোয়েন্দা নজরদারি বাড়ছে, প্রশ্ন আগাম প্রতিরোধ নিয়ে

নাশকতা মোকাবিলায় পুলিশ সদর দফতর থেকে মাঠপর্যায়ে বিশেষ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক দেশের সব জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করে গোয়েন্দা নজরদারি, রাতের টহল এবং নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে টহল, তল্লাশি ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রম চলছে।

অন্যদিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখেও গোয়েন্দা পুলিশের প্রস্তুতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কর্মসূচি ও সম্ভাব্য হুমকির তথ্য যাচাই করার ওপর গুরুত্ব দিচ্ছে ডিবি।

অপরাধ বিশ্লেষকদের চোখে পরিস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে না।’

তার মতে, কতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে কিংবা কতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, শুধু সেই পরিসংখ্যান দিয়ে জননিরাপত্তা মূল্যায়ন করা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন কি না এবং রাষ্ট্র অপরাধ প্রতিরোধে কতটা কার্যকর ভূমিকা রাখছে।

মানবাধিকারকর্মী ইজাজুল ইসলামের মতে, অপরাধের সংখ্যা, ভয়াবহতা, বিস্তৃতি, পুনরাবৃত্তি এবং রাষ্ট্রের প্রতিরোধমূলক সক্ষমতার সমন্বিত বিশ্লেষণের ভিত্তিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা উচিত। একইসঙ্গে অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং জননিরাপত্তার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি নয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগই পরিস্থিতি স্বাভাবিক করতে পারে।

/এপিএইচ/
সম্পর্কিত
মিরপুরে সন্ধ্যায় ফের সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সরিয়ে দিলো পুলিশ
বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫
সর্বশেষ খবর
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা