বড় মাছের ঝোল প্রায় প্রতিটি ঘরেই রান্না হয়। মাছে-ভাতে বাঙালি বলে কথা! তবে চাইলে পরিচিত এই রান্নায় আনা যায় ভিন্ন মাত্রা। লেবু পাতার বিশেষ সুবাসে বড় মাছ রান্না করে ফেলতে পারেন। থাই ও বার্মিজ রান্নায় লেবু পাতা (কাফির লাইম লিফ) বহুল ব্যবহৃত হলেও দেশি মসলার সঙ্গে এর মিশ্রণ একেবারে নতুন স্বাদ তৈরি করে। জেনে নিন রেসিপি।
উপকরণ
রুই মাছ – ৬ টুকরা
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
লেবু পাতা (কাফির লাইম বা সাধারণ লেবুর পাতা) – ৪–৫টি
কাঁচা মরিচ– ৪–৫টি ফালি করা
হলুদ গুঁড়া – আধা চা চামচ
মরিচ গুঁড়া – স্বাদ মতো
ধনে গুঁড়া– আধা চা চামচ
লবণ – স্বাদ মতো
সরিষার তেল – ৩ টেবিল চামচ
প্রণালি
মাছ ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মেখে হালকা ভেজে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। রসুন ও আদা বাটা দিয়ে সামান্য কষিয়ে হলুদ, মরিচ ও ধনে গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন। এক কাপ গরম পানি ঢেলে ফুটিয়ে নিন। ফুটন্ত ঝোলে মাছ ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে ৫ মিনিট রান্না করুন। এবার লেবু পাতা ছিঁড়ে দিয়ে কাঁচা মরিচ যোগ করুন। পাতাগুলো যেন আস্তে আস্তে ঝোলে মিশে যায়। ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন। গন্ধ বের হলে চুলা বন্ধ করে দিন।







