বধূর সাজে নতুন রূপে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। গোলাপি শাড়ি, সোনালি গয়না আর পরিপাটি মেকআপে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্নিগ্ধতা। রবিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘বধূ কোন আলো লাগলো চোখে!’
ছবিতে পরীমণির পরনে দেখা গেছে উজ্জ্বল গোলাপি রঙের জমকালো শাড়ি। শাড়ির পাড়জুড়ে সোনালি ও রুপালি নকশা সাজে এনেছে বাড়তি জৌলুস। সঙ্গে মানানসই ব্লাউজ তাঁর পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে সোনালি গয়নার সমন্বয়ে বধূসাজে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী।
গয়নার বাছাইয়েও ছিল নজরকাড়া আভিজাত্য। গলায় ভারী সোনালি নেকলেস, কানে ঝুমকাধাঁচের দুল এবং আঙুলে আংটি। মেকআপে চোখের গাঢ় আইলাইনার ও শ্যাডো, কপালে গোলাপি টিপ আর ঠোঁটে উজ্জ্বল গোলাপি লিপস্টিক তাঁর সাজকে দিয়েছে পূর্ণতা। সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজে পরীমণির উপস্থিতি ছবিগুলোতে আলাদা করে নজর কেড়েছে।
ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সাজ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। কেউ তাঁকে ‘ডানাকাটা পরী’ বলে প্রশংসা করেছেন, আবার কারও মন্তব্য, পরীকে সত্যিই পরীর মতো লাগছে। ক্যাপশনের কাব্যিক পঙ্ক্তির সঙ্গে তাঁর বধূসাজও যেন তৈরি করেছে এক মায়াবী আবহ।