মেকআপের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে সঠিক আলোর ওপর। ফাউন্ডেশন, কনসিলার কিংবা ব্লাশ সব প্রসাধনী ঠিকভাবে ব্যবহার করলেও আলো ঠিক না থাকলে মেকআপে থেকে যেতে পারে অসামঞ্জস্য। কখনও তা অতিরিক্ত পুরু, কখনও দাগযুক্ত, আবার কখনও ত্বকের রঙের সঙ্গে বেমানান দেখাতে পারে। বিশেষ করে হোটেল রুমে মেকআপ করার সময় পর্যাপ্ত আলো না থাকলে সমস্যায় পড়তে হয় অনেককেই।
বিয়ের অনুষ্ঠান, অফিসের বিশেষ আয়োজন কিংবা সন্ধ্যায় কোথাও যাওয়ার প্রস্তুতি যেকোনো ক্ষেত্রেই নিখুঁত মেকআপের জন্য প্রয়োজন উপযুক্ত আলো। আর এই সমস্যার সহজ সমাধান দেখিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর কৌশলটি কাজে লাগাতে প্রয়োজন নেই দামি সরঞ্জাম বা অতিরিক্ত আলোর ব্যবস্থা।
মেকআপের জন্য হোটেল রুমের আলো ঠিক করার কৌশল
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে পরিণীতি হোটেল রুমে মেকআপ করার সময় আলোর ব্যবহার নিয়ে একটি সহজ কৌশল দেখিয়েছেন। ভিডিওতে দেখা যায়, বাথরোব পরে আয়নার সামনে বসে রয়েছেন অভিনেত্রী। সামনে সাজানো রয়েছে তাঁর মেকআপের বিভিন্ন প্রসাধনী।
পরিণীতির কৌশল হলো, মুখের দিকে সরাসরি আলো না ফেলে ঘোরানো যায় এমন দেয়ালবাতিটি আয়নার দিকে ঘুরিয়ে দেওয়া।
আয়নার ওপর আলো পড়লে তা প্রতিফলিত হয়ে আশপাশের জায়গায় ছড়িয়ে পড়ে। এতে মেকআপ করার স্থানটি তুলনামূলক উজ্জ্বল হয়ে ওঠে এবং মুখের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখা যায়। ফলে মেকআপের খুঁটিনাটি ঠিক করাও সহজ হয়।
নিজের সেলফি ভিডিওতে আলোর পরিবর্তনের পার্থক্যও দেখিয়েছেন পরিণীতি। তাঁর এই সহজ কৌশল হোটেল রুমে কিংবা ভ্রমণের সময় মেকআপ করার ক্ষেত্রে কাজে আসতে পারে।
মেকআপ করার সময় সঠিক আলো কেন জরুরি?
মেকআপ ত্বকে কেমন দেখাবে, তা অনেকটাই নির্ভর করে আলোর ধরন ও তীব্রতার ওপর। কম আলোয় ফাউন্ডেশন ঠিকমতো মিশেছে কি না, কনসিলার সমানভাবে লাগানো হয়েছে কি না কিংবা ব্লাশ ও কনট্যুর সঠিক জায়গায় বসেছে কি না, তা বোঝা কঠিন হতে পারে।
আলোর কারণে মেকআপের রংও ভিন্ন দেখাতে পারে। ঘরের কৃত্রিম আলোয় যে মেকআপ নিখুঁত মনে হচ্ছে, বাইরে প্রাকৃতিক আলোয় সেটিই অসমান বা অতিরিক্ত পুরু দেখাতে পারে।
তাই মেকআপ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। যেমন-
মুখের একদিকে বেশি আলো এবং অন্যদিকে ছায়া থাকলে মেকআপের অসামঞ্জস্য বোঝা কঠিন হয়। তাই উজ্জ্বল ও সমান আলো বেছে নিন। সম্ভব হলে জানালার কাছে দাঁড়িয়ে প্রাকৃতিক আলোয় মেকআপের রং ও ফিনিশ দেখে নিন। মুখ, গলা ও চোয়ালের সংযোগস্থলে রঙের পার্থক্য রয়েছে কি না, খেয়াল করুন এবং ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে নিন। অতিরিক্ত আলো বা ছায়ার কারণে প্রসাধনীর রং ও তীব্রতা ভুলভাবে বোঝা যেতে পারে। তাই ব্লাশ ও কনট্যুর পরিমিতভাবে ব্যবহার করুন। সাজগোজ শুরু করার পর আলো পরিবর্তন না করে প্রথমেই উপযুক্ত জায়গা বেছে নিন। এরপর মেকআপের আগে আলোর ব্যবস্থা ঠিক করুন।
সুন্দর মেকআপের জন্য যেমন সরঞ্জাম প্রয়োজন
পরিণীতি চোপড়া তার কৌশলে দেখিয়েছেন, মেকআপের জন্য সব সময় আলাদা লাইট বা দামি সরঞ্জাম কিনতে হয় না। ঘরে থাকা আলোর সঠিক ব্যবহারও সাজগোজকে সহজ করে তুলতে পারে।
তবে মনে রাখতে হবে, আয়নায় প্রতিফলিত আলো সব সময় সমানভাবে ছড়িয়ে পড়ে না। তাই সম্ভব হলে মেকআপের শেষ পর্যায়ে নিরপেক্ষ, উজ্জ্বল আলোয় নিজের সাজ একবার দেখে নেওয়াই ভালো। এতে বাইরে যাওয়ার আগে মেকআপের ছোটখাটো ভুল সংশোধন করা সহজ হবে।