মিষ্টি স্বাদ, রসালো শাঁস আর মন মাতানো ঘ্রাণে আম বরাবরই মানুষের প্রিয় ফল। গ্রীষ্মের গরমে এক টুকরো রসালো আম যেন স্বাদের এক টুকরো আনন্দ। এই ফল শুধু খাবার টেবিলেই নয়, মানুষের স্মৃতি ও সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে। তবে জানেন কি, ফলের রাজা আম খাওয়ার জন্য একটি বিশেষ দিনও রয়েছে! বিষয়টি বেশ আনন্দের, তাই না? আজ ২২ জুলাই হচ্ছে সেই বিশেষ দিন ‘জাতীয় আম দিবস’। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এই জনপ্রিয় ফলকে ঘিরেই পালিত হয় জাতীয় আম দিবস—যা আমের স্বাদ ও ঐতিহ্য উদ্যাপনের এক দারুণ উপলক্ষ।
জাতীয় আম দিবস কীভাবে উদযাপন করবেন
আম দিবসে বাজার থেকে কয়েকটি আম কিনে আনুন এবং আম দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রেসিপি চেষ্টা করে দেখুন।
আম বেছে নেওয়ার সময় খেয়াল রাখুন, সেটি যেন সামান্য নরম থাকে। যদি আম শক্ত থাকে, তাহলে বুঝতে হবে সেটি এখনো পুরোপুরি পাকেনি।
যদি ভুল করে কাঁচা বা এখনও পুরোপুরি না-পাকা আম কিনে ফেলেন, তাহলে সেটি ছোট ছোট টুকরো করে কেটে সামান্য লবণ মিশিয়ে খেয়ে দেখতে পারেন। এতে পাকা আমের মতো রসালো স্বাদ পাওয়া যাবে না, তবে খেতে বেশ ভালো লাগতে পারে।
সাধারণত আম মিষ্টি ফল হিসেবেই পরিচিত। এই ফলের ভেতরের শাঁস বা অংশটিই মূলত খাওয়া হয়।
জাতীয় আম দিবসে এই চমৎকার ফল সম্পর্কে আরও জানুন এবং দিনটি উপভোগ করুন। আপনার জন্য রইল একটি সহজ আমের রেসিপি, যা ঘরেই তৈরি করে দেখতে পারেন।
আম সম্পর্কে মজার তথ্য জানুন
- প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ২ কোটি টন আম উৎপাদিত হয়।
- আমের সম্পর্ক রয়েছে কাজু বাদাম ও পেস্তা বাদামের সঙ্গে।
- আমে থাকা ভিটামিন সি আপনার দৈনিক প্রয়োজনের প্রায় ১০০ শতাংশ পূরণ করতে পারে।
- ভারতে এক ঝুড়ি আম উপহার দেওয়া বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
- আমগাছ সর্বোচ্চ প্রায় ১০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
- যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আম আসে মেক্সিকো, পেরু, ইকুয়েডর, ব্রাজিল, গুয়াতেমালা ও হাইতি থেকে।
- কানাডা, জ্যামাইকা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেও আমকে ঘিরে নানা উৎসব আয়োজন করা হয়।
জাতীয় আম দিবসের ইতিহাস
আমের চাষ প্রথম শুরু হয়েছিল প্রায় ৫ হাজার বছর আগে ভারতে। এরপর খ্রিষ্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে আম ছড়িয়ে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। পরে খ্রিষ্টীয় ১০ম শতাব্দীতে পূর্ব আফ্রিকায়ও আমের চাষ শুরু হয়।
ভারতে তৈরি পেইসলি নকশা বা বুটিদার নকশার আকৃতি আমের গঠন থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয়।
আম হলো ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের জাতীয় ফল। অন্যদিকে, এটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃত।
আম চাষ ও আম উৎসব
আম মূলত তুষারপাতমুক্ত উষ্ণমণ্ডলীয় জলবায়ুতে চাষ করা হয়। বিশ্বের প্রায় অর্ধেক আম উৎপাদিত হয় ভারতে। এর পর সবচেয়ে বেশি আম উৎপাদনকারী দেশ হলো চীন।
ভারতের দিল্লিতে প্রতি বছর একটি আন্তর্জাতিক আম উৎসব অনুষ্ঠিত হয়, যা ১৯৮৭ সাল থেকে আয়োজন করা হচ্ছে। এই উৎসবে দেশটির বিভিন্ন প্রান্তের ৫০ জনেরও বেশি আমচাষি অংশ নেন।
উৎসবে আমের বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগিতা ও কুইজের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে রান্নায় আমের নানা ব্যবহার, আমের বিভিন্ন জাতের পরিচিতি এবং আরও অনেক বিষয়। বিশ্বজুড়ে আমের ৫৫০টিরও বেশি জাত রয়েছে।
আম ও কলার স্মুদি রেসিপি
আজ দিবসটি উপভোগ করার জন্য বানিয়ে ফেলুন এই রেসিপি-
উপকরণ
- ৩টি আম (প্রায় ৩ পাউন্ড), খোসা ছাড়ানো, আঁটি ফেলে টুকরো করা
- ৩/৪ কাপ কম চর্বিযুক্ত দুধ
- ১ কাপ বরফ
- ১/২টি কলা
- ১ চা-চামচ মধু
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। আপনার পছন্দমতো ঘনত্ব না আসা পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। আরও ঘন স্মুদি চাইলে এতে অতিরিক্ত কিছু বরফ যোগ করতে পারেন।
এবার হাতে এক গ্লাস আম ও কলার স্মুদি নিয়ে একা বা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ‘আম দিবস’ উদযাপনে মেতে উঠুন।









