জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত

অরুণাভ রাহারায়
১০ নভেম্বর ২০২৬, ১৭:০৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:০৫

কবি জয় গোস্বামীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ নভেম্বর অর্থাৎ তাঁর প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনে। ২০০৯ সালের এ দিনটিতে তিনি আমার জন্মশহর আলিপুরদুয়ারে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। অকাল প্রয়াত সাংবাদিক শুভ্রনীল দে-র প্রয়াণ দিবসে মিউনিসিপ্যালেটির হলে স্মরণ-অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর বাবা পরিমল দে। আমি তখন দ্বাদশ শ্রেণির ছাত্র। সেবার জয় গোস্বামীর সঙ্গে সাক্ষাতের পর কী কী হয়েছিল সে কথা আমি ২০২৩ সালে তাঁর জন্মদিনে একটি লেখায় লিখেছি।

পরের বছর যখন কলকাতায় এলাম কলেজে পড়তে, সেই সময় অর্থাৎ ২০১০ সালে রবীন্দ্রসদন চত্বরে যে সব অনুষ্ঠানে যেতাম, কোনওটাতেই জয় গোস্বামীর দেখা পেতাম না। ২০১১ সালে পশ্চিমবঙ্গে পালাবদল হলো, তখন থেকেই এই চত্বরে জয় গোস্বামীকে নানা অনুষ্ঠানে দেখেছি। বাংলা আকাদেমিতে তাঁর মস্তিষ্কপ্রসূত দুটি অনুষ্ঠান চালু হয়, 'কবির সঙ্গে দেখা' এবং 'গদ্যের গল্পসল্প'। এই দুই অনুষ্ঠানের প্রতি আমার অনেক ঋণ, সে কথা নানা লেখায় বলেছি। ওই সময় কলকাতা শহরে আরেকটি অনুষ্ঠানেও আমি প্রতি মাসে যেতাম, তা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কৃত্তিবাস আড্ডা'য়। বাংলা আকাদেমির যে দুটি অনুষ্ঠানের কথা বললাম প্রায় প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত হতেন জয় গোস্বামী। অনুষ্ঠান শেষে যেহেতু হল-ভর্তি মানুষ তাঁকে ঘিরে থাকত, তাই সেই সময় তাঁর সঙ্গে কথা বলবার সুযোগ হয়নি।

২০১৩ সালে শিশির মঞ্চে কবির ৬০ বছর উপলক্ষ্যে 'জয়জয়ন্তী' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল 'আড্ডা এবং' পরিবার। সেই অনুষ্ঠান শুনতে গিয়েছিলাম। এই ধরনের অনুষ্ঠানে নিয়মিতই যেতাম তখন। সেখানে হঠাৎ তরুণ কবি তানিয়া চক্রবর্তীর সঙ্গে দেখা। গ্রিন রুমে জয় গোস্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল তানিয়া, আমাকেও নিয়ে গেল। সেই দ্বিতীয় বার তাঁর সঙ্গে সাক্ষাৎ। ১০/১২ মিনিট কথোপকথন। তাঁর মনে থাকার কথা নয়, আমি তাঁকে প্রথম বারের সাক্ষাৎটি মনে করিয়ে দিই। অনুষ্ঠানের মাঝে তো এভাবে বেশি কথা বলা যায় না! তিনি তখন নজরুল আকাদেমির সভাপতি। রবীন্দ্রসদনের দোতলায় তাঁর অফিসে দেখা করতে বলেছিলেন। আমি নন্দন চত্বরেই পড়ে থাকতাম সারাদিন। বিকেলবেলায় তিনি এলে পূর্ব কথা মতো নজরুল আকাদেমির অফিসে যাই। তাঁর সামনে গিয়ে আশ্চর্য ঘটনার মুখোমুখি হই। অবান্তর কথা নয়, স্মৃতি থেকে নানা কবিতা শোনালেন তিনি। মাইকেল মধুসূদন দত্ত, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বীতশোক ভট্টাচার্য প্রমুখ। আমি আলিপুরদুয়ার থেকে আসা তরুণ দাঁড়ি, কমা, বিসর্গ সমেত এমন মুখস্থ কবিতা শুনে একেবারে হাঁ হয়ে গিয়েছিলাম। প্রবল আকর্ষণ বোধ করি জয় গোস্বামীর প্রতি।

ভাগ্যও একটা সুযোগ এনে দিল তাঁর কাছে যাওয়ার। কলেজস্ট্রিটের মেসবাড়িতে থাকতাম। প্রেসিডেন্সির ফুটপাথে পুরোনো বইয়ের স্টলের সামনে দিয়ে হাঁটছিলাম। পুরোনো বই ঘাঁটতে গিয়ে দেখি এমন অনেক বই যা জয় গোস্বামীকে উপহার দেওয়া। মণীন্দ্র গুপ্ত, জয়দেব বসু, অনির্বাণ মুখোপাধ্যায়, বিভাস রায়চৌধুরী-সহ আরও কয়েকজনের বই আমি সেখান থেকে তৎক্ষণাৎ কম দামে কিনে আনি। একদিন রবীন্দ্রসদনের সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি চমকে গিয়েছিলেন আমার মুখে এ কথা শুনে। মনে হয় রাতে ঘুম হয়নি তাঁর! বইগুলো নিয়ে বাড়িতে আসতে বললেন কয়েক দিনের মধ্যেই। ২০১৩ সালের ২৭ ডিসেম্বর শিয়ালদা থেকে বিকেলবেলার ভিড় ট্রেনে উল্টোডাঙায় নেমে অটোয় পৌঁছই শ্রাবণী আবাসনে। খুবই আপ্যায়ন করেছিলেন তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী (পরে তাঁর চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যদিও তখন তিনি কবিতা লিখতেন না)। আমি বইগুলো ব্যাগ থেকে বের করে টেবিলে রাখি। কী করে সেলফ থেকে বইগুলো কলেজস্ট্রিটে পৌঁছল এই নিয়ে দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়েন। জয়দা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মর্মে যে, 'আপনি আমাকে অসম্মানের হাত থেকে বাঁচালেন।' সেদিন এমন কিছু কথা বলেছিলেন তিনি, যা আমার মাথায় গেঁথে যায় চিরতরে।

এ বাড়িতে যাতায়াত চলতে থাকে নিয়মিত। এরই মধ্যে তাঁর মাথায় ঝাঁকে ঝাঁকে কবিতা এলে সেগুলো কপি করে দেন গাড়ির ড্রাইভার বিজয়। গোটা অক্ষরে চমৎকার হাতের লেখা, একদিন খাতাটি আমাকে দেখালেন জয়দা। আরও কিছুদিন যায়। ২০১৫ সালের সেপ্টেম্বরে হঠাৎ-তলব এসএমএসে: 'আজ বাড়িতে আসতে পারবেন?' গেলাম বেলা একটায়। দেখি ভাদ্রের গরমে তিনি সোয়েটার পরে আছেন। শরীর ভালো নেই? খাতা কলম এগিয়ে দিয়ে বললেন লিখুন- 'কবির ধরিত্রী ছিলে তুমি/ কবি আজীবন কণ্ঠে ঢেলে নিত এইমাত্র গলিয়ে আনা লোহা/ নিজে পুড়ে খাক হত...'। এইভাবে লেখা হলো মীনাক্ষী চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কবিতা। নাম: 'কবিজায়া'। 'কবিকন্যা' নামে আরও একটি কবিতা লেখেন সেদিন। মেঝেতে পায়চারি করে সারাঘর ঘুরে ঘুরে তিনি লাইনগুলো বলেছিলেন। আমি খাতায় লিখে রেখেছিলাম। সে বছরই ডিসেম্বরে কবিতা দুটি প্রকাশ পায় 'দেশ' পত্রিকায়।

'অভিশাপ একাদশ', 'চাবুক একাদশ' সিরিজ, বলতে গেলে 'সপাং সপাং' বইয়ের একাধিক কবিতা সেই সময় লেখা। কবিতাগুলো কপি করে দিয়েছিলাম আমি। এর আগে 'শৃগাল একাদশ' প্রকাশ পেয়েছে। সেই সিরিজ আমার কপি করা নয়। আজকাল প্রকাশনা থেকে প্রকাশিত সন্দীপন চট্টোপাধ্যায়ের 'উপন্যাস একাদশ' বইটি হঠাৎ আমার হাতে দিয়ে জয়দা বললেন, 'সিরিজের নাম পেয়েছি এই বই থেকে'। আমি বেশ অবাকই হলাম। এভাবে নতুন কবিতা সিরিজের নাম পাওয়া যায় বুঝি? কখনও এমন করে ভাবিনি তো! আমার জন্য আরও অনেক বিস্ময় অপেক্ষা করছিল। সেই সময় তাঁর সঙ্গে লেখার কাজ করতে গিয়ে এমন বিস্ময়ের মুখোমুখি হয়েছি বহুবার।

তখন 'নিশ্চিহ্ন' বইটির পাণ্ডুলিপি প্রস্তুত হয়ে গিয়েছে এবং ছাপতে যাবে প্রকাশনার দফতরে। ২০১৩ সালে তিন লাইনের একটি বিশেষ কবিতা-ফর্ম খুঁজে পান জয় গোস্বামী। প্রথম লাইন, স্পেস, দ্বিতীয় লাইন, স্পেস, তৃতীয় লাইন, তারপর আরেকটি স্পেস। তাঁর মতে স্পেসগুলি এ কবিতা-শরীরের অদৃশ্য লাইন! অর্থাৎ মোট ৬ লাইনের কবিতা-শরীরের ৩ লাইন দৃশ্যমান, বাকি ৩ লাইনের অস্তিত্ব কেবল পাঠকমনের ভেতর-দেশে! কীভাবে এই ফর্ম পেলেন? আমার প্রশ্ন শুনে একদিন ব্রেকফাস্টের পর বুঝিয়েছিলেন জয়দা, 'প্রথম লাইন এল, লিখে রাখলাম। দ্বিতীয় লাইন এল ফেলে দিলাম। তৃতীয় লাইন লিখলাম। চতুর্থ লাইন ফেলে দিলাম। পঞ্চম লাইন লিখলাম। ফেলে দিলাম ষষ্ঠ লাইন। তাই কবিতাগুলি তিন লাইনের চেহারা নিয়েছে'। এ কথা বলে চেয়ার ছেড়ে উঠে গেলেন তিনি।

আমার মাথায় 'কারিগর' প্রকাশিত শিশিরকুমার দাশের 'অবলুপ্ত চতুর্থ চরণ'-এর প্রচ্ছদপট যেন একবার উঁকি দিয়ে গেল। সে বইয়ের কবিতাগুলিও তিন লাইনের। প্রচ্ছদে 'অবলুপ্ত চতুর্থ চরণ' তিন লাইনে বিন্যস্ত। প্রতিটা লাইনের ওপর এমবস করা। এবং এমবস করা হয়েছে চতুর্থ লাইনও। যদিও সে লাইন দৃশ্যমান নয় অর্থাৎ অবলুপ্ত। ঘটনা দু'টির মিল খুঁজে পেয়ে আমি তৎক্ষণাৎ বুক  সেলফ থেকে বইটি বের করি। আর চমকে ওঠেন জয়দা! উত্তেজিত হয়ে বলেন, 'আমি শুধু আপনার ইন্টেলিজেন্স লক্ষ্য করলাম। এইমাত্র যে কথাগুলি বললাম তারপর আপনি এই বইটি বের করলেন!'

যা হোক, বইটির প্রথম-নামকরণ করেছিলেন কবি দেবজ্যোতি মুখোপাধ্যায়- 'তিন লাইনের নাচ'। কিন্তু ওপরের ঘটনাটি শোনার পর তিন শব্দের নাম দেওয়ার পরামর্শ দিয়েছিলাম আমি। আজ এক দশক পর এ কথা ভেবে অবাক হচ্ছি যে, সেই সময় আমার পরামর্শ গ্রহণ করেছিলেন জয় গোস্বামী। এখানে একটি তথ্য উল্লেখ করতেই হয়, ২০১৪ সালে 'সানন্দা' পত্রিকায় এই তিন লাইনের কবিতার অনেকগুলি ছাপা হয়েছিল। কবিতা-শরীরের দৃশ্যমান দুটি স্পেস এবং ষষ্ঠ লাইন অর্থাৎ তৃতীয় অদৃশ্য স্পেসটি সেখানে ছাপা হয়নি। তাই জয় গোস্বামীর এই পর্বের কবিতাগুলির প্রকৃত অবয়ব তখন অধরা ছিল পাঠকের দরবারে। এমন বিস্ময়-বহুল ঘটনাক্রমের মধ্যে দিয়ে আমার জীবনের চব্বিশতম বছর অর্থাৎ ২০১৫ সাল আবর্তিত হতে থাকে। বছর ঘুরতে ঘুরতে এসে পড়ে নভেম্বরের ১০ তারিখ, তাঁর ৬২তম জন্মদিন।

২

জন্মদিনের অব্যবহিত আগে জয়দা আর বুকুনদির সঙ্গে নজরুল আকাদেমিতে যাচ্ছিলাম। সল্টলেক থেকে চিংড়িহাটা মোড় হয়ে বাইপাস দিয়ে যেতে যেতে সাইন্স সিটি থেকে ডানদিকে বাঁক নেওয়ার মুখে সিগন্যালে দাঁড়িয়ে গেল গাড়ি। জানালার কাচ নামিয়ে ফস করে একটা সিগারেট ধরাল বুকুনদি। রাস্তার মাঝে সুসজ্জিত ফোয়ারা উঠছে। সন্ধ্যা নামছে শহরে, আলো জ্বলে উঠল দিগ্‌বিদিক। বুকুনদি বলল 'এইসব বাজে খরচ না করে, পথশিশুদের জামা দেওয়া যেত'। ব্যাস এ নিয়ে আর কোনও কথা হয়নি। মুহূর্তে নামটা খুঁজে পেলেন জয়। 'পথশিশুদের জামা'। এবার আমাকে তিনি বললেন, 'কী অরুণাভ আমার সঙ্গে একটা পুস্তিকা লিখবেন নাকি'? আমার উত্তর হবে 'অবশ্যই' এ কথা তিনি জানতেন। ২০১৬ সালে বইমেলায় প্রকাশের জন্য 'কাগজের ঠোঙা' প্রকাশনা তাঁর কাছে একটি পাণ্ডুলিপি চেয়েছিল। প্রকাশনার তরফে অনুরোধ ছিল পুরোনো বইগুলি থেকে কিছু কবিতা বাছাই করে একটি পাণ্ডুলিপি সাজিয়ে দিলেই হবে। কিন্তু তা করেননি তিনি। তখন তাঁর বহু পৃষ্ঠার বই নামি সব প্রকাশনা থেকে বের হয়। কিন্তু খুব কাছ থেকে অবাক হয়ে দেখেছিলাম কী নিষ্ঠার সঙ্গে তিনি এই ১৬ পৃষ্ঠার পুস্তিকার জন্য পাণ্ডুলিপি সাজাচ্ছেন। পরে তা প্রকাশ পায় 'চরিত্র খারাপ' নামে।

জয় গোস্বামীর দেওয়া উপহার এখানে আমাদের মনে রাখতে হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে হঠাৎ পুস্তিকামালা সিরিজ প্রকাশ করতে আরম্ভ করেন জয় গোস্বামী। প্রথম বইটি অভীক মজুমদারের। জাগরী মুখোপাধ্যায়ের 'নগর বাহিরে ডম্বি', দেবজ্যোতি মুখোপাধ্যায়ের 'সচিত্র বাংলা বই', ঈপ্সিতা হালদারের 'সুনা। সম্পূর্ণা। জগ।' ইত্যাদি কয়েকজনের কবির প্রকাশ করেছিলেন তিনি। প্রতিটি পুস্তিকা ৮ পৃষ্ঠার। একটি কবিতা থাকত শেষ মলাটে। তলায় লেখা নামাঙ্কন ও প্রকাশনা জয় গোস্বামী। পুস্তিকাগুলি প্রকাশ করার সময় তাঁর মাথায় কী কাজ করেছিল কে জানে, তিনি অকস্মাৎ বাণিজ্য-নির্ভর বইয়ের দুনিয়া ছেড়ে পুস্তিকা ফরম্যাটে নিজের লেখাকে প্রকাশ করলেন। এখানে স্মরণ করা যেতে পারে কবি জয় গোস্বামীর কবিতা একটি পুস্তিকার মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করেছিল। 'ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ'। প্রকাশকাল ১৯৭৬। এরপর ১৯৯৯ সালে  'তোমাকে, আশ্চর্যময়ী' নামের আরেকটি কবিতা-পুস্তিকা প্রকাশ পায়। ২০০৮ সালে আরেকটি পুস্তিকা লেখেন 'শাসকের প্রতি' এরপর  'হার্মাদ শিবির' ২০১১ সালে প্রকাশ পায়।

'চরিত্র খারাপ' প্রকাশের প্রায় চার বছর পর একটি সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, 'নিশ্চিহ্ন লিখে চলার মাঝখানে আচমকা ২০১৫ সালের ৮-১০ নভেম্বর- এই তিন দিনের মধ্যে কয়েকটি কবিতা প্রায় আমাকে না-জানিয়ে চলে আসে। এদের সঙ্গে নিশ্চিহ্ন-র কোনও রকম মিল নেই। ২০১৬ সালের জানুয়ারি মাসে 'চরিত্র খারাপ' নামে একটি কাব্যপুস্তিকার মধ্যে এই কবিতাগুলি প্রকাশ পায়।' এখানে আরেকটু তথ্য জুড়ে বলা যায়, 'চরিত্র খারাপ' লেখার প্রাক্কালে যখন প্রতিদিন সকাল ১১টায় তাঁর বাড়িতে যেতাম, একদিন গিয়ে দেখি বসে আছেন কবি গৌতম বসু। জয়কে তিনি সেদিন বলছিলেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পুস্তিকা প্রকাশের গল্প। গৌতমদা ফিরে যাওয়ার পর ফের গল্পটা আমাকে শোনান জয়দা। সেই সময়টা তাঁকে খুব কাছ থেকে দেখেছিলাম এবং তাঁর প্রতি মোহগ্রস্ত থাকার কারণে হয়তো কথাগুলো মনে আছে এখনও!

আমরা জানি ২০২৩ সালের ক্রিসমাসে 'কবিতা প্রকাশের ৫০ বছরে' নামের একটি বুলেটিন প্রকাশের মধ্যে দিয়ে মুদ্রণ জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন জয় গোস্বামী, কবিতা লিখে চলেন অন্তরালে। মুদ্রণ দুনিয়ার আড়ালে যাওয়ার আগে শুধুমাত্র কাব্যপুস্তিকা প্রকাশের দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি। এ পর্বের প্রথম পুস্তিকার নাম 'দগ্ধ'। রচনাকাল: ২৩ মার্চ ২০২২। বগটুই গ্রামে হত্যাকাণ্ডের পর লেখা শোকগাথা। 'বাণপ্রস্থ' এ পর্বের শেষ পুস্তিকা। ২০২৩ সালে রচিত। মাঝে লেখা হয় আরও ১৪টি। পরে 'ঋত' প্রকাশন সব পুস্তিকা দু'দলের ভেতর প্রকাশ করে 'একত্রে ষোল' নাম দিয়ে। এই নিবন্ধ লেখকের মনে হয় পরপর ১৬টি পুস্তিকা লেখার আগে ২০১৫ সালের ৮-১০ নভেম্বর লেখা 'চরিত্র খারাপ' পুস্তিকাটির মধ্যে দিয়েই জয় গোস্বামীর কাব্যভূবন বড়ো একটি বাঁক নেয় এবং এর ৭ বছর পর কেবল পুস্তিকার মধ্যে দিয়ে নিজের লেখাকে প্রকাশ করতে শুরু করেন জয় গোস্বামী। এরপর মুদ্রণ জগৎ থেকে বিরতি। 'চরিত্র খারাপ' পুস্তিকার সব কবিতা পত্রপত্রিকায় অপ্রকাশিত। পাণ্ডুলিপিতে লিখে দিয়েছিলাম এ কথা। যদিও ছাপার পরে দেখি প্রেসলাইনের পৃষ্ঠায় তথ্যটি নেই!

৩

'চরিত্র খারাপ' পুস্তিকার ১৬টি কবিতার মধ্যে ১৫টি তিন দিন ধরে পরপর লিখে চলেন জয় গোস্বামী। লেখার ঘরে আমি আর তিনি থাকতাম সারাদিন। ১ নং কবিতা 'সাতশো পঞ্চাশ টাকা রক্তের গেলাস।/ এক গেলাসে মাৎ'। ১০ নং কবিতাটি লেখা ৯ নভেম্বর। অধ্যাপক স্বপন চক্রবর্তীর স্ত্রী ভাস্বতী দেবী এসেছিলেন কবির জন্মদিনের আগের সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে। কলিংবেল বাজল রাত সাড়ে আটটায়। ঋতুপর্ণ ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে কবির সঙ্গে কবিতার সংযোগ বিষয়ে জয় জানিয়েছিলেন, 'আমার মনে হয়, দু'জন প্রেমিক-প্রেমিকা যখন তারা খুব ঘনিষ্ঠ অবস্থায় ঘরে রয়েছে, সেই সময় বাইরে যদি একটা আওয়াজ (কলিংবেলের) হয়, তখন তারা ছিটকে সরে যায় তো? ওই সরে যাওয়ার মতোই কবিতাও কবির কাছ থেকে ছিটকে সরে আসে।' কিন্তু এক্ষেত্রে দেখলাম লেখা থেকে ছিটকে গেল না তাঁর মন বরং উল্টোটা ঘটল! 'চরিত্র খারাপ' প্রকাশের এক দশক দূরত্বে দাঁড়িয়ে স্পষ্ট মনে করতে পারি, সেদিন কলিংবেল শুনে বুকুন দরজা খুললে ভাস্বতী জিগ্যেস করেন 'কী খবর? কী ঘটনা?'। মুহূর্তে এই বাক্য দিয়ে জয়দা একটি কবিতা শুরু করেন 'কী খবর, কী ঘটনা, কোন প্রেম? কার বর? কই?' প্রবল গতিতে ১ মিনিটের মধ্যে রচিত হয় ৬ লাইনের কবিতাটি- যা আগে থেকে লেখার কোনও পরিকল্পনাই ছিল না! এসব ঘটনা আমার চোখের সামনেই ঘটেছিল ভাবলে শিহরন জাগে এখনও।

১২ নং কবিতার একটি-দুটি লাইন অন্য একটি কবিতার বইয়ের পৃষ্ঠায় আগেই লেখা ছিল। সেখান থেকে নিয়ে পুরো কবিতাটি লেখা হয়- 'ধাঁধা বলল: উত্তরটি দেব জলে গিয়ে'। কবিতাটি লেখার পর তিনি বারংবার বলছিলেন রবীন্দ্রনাথের 'প্রথম দিনের সূর্য' থেকে এসেছে লেখাটি। কী করে এসেছে কে জানে! শুধুমাত্র একটা দৃশ্যের খানিকটা সাদৃশ্য পাই। রবীন্দ্রনাথ লিখেছিলেন, 'পশ্চিম সগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়', জয় লিখেছেন, 'মুখ তুলে তাকিয়ে দেখি/ রাঙা অস্তাচল'। বাংলা কবিতার গবেষক হিসেবে কবিতা দুটির কোনও মিল পাইনি। যদি কোনও মিল থেকেই থাকে তা নিতান্তই জয়ের অন্তরের সৃজনশীল-শিল্পিত কারবার!

১৩ নং কবিতাটি আট লাইনের, এর মধ্যে 'যা' বা 'জা' দিয়ে শুরু হয়েছে পাঁচটি লাইন। এখানে তিনি ক্লাসিক্যাল মিউজিকের একটি নির্দিষ্ট রাগের কথা বলেছিলেন যার প্রতিটা লাইন শুরু হয় 'সা' ধ্বনি দিয়ে। যদিও আমার সামান্য মাথায় আমি তা স্মরণে রাখতে পারিনি। শুধু মনে আছে তিনি বলেছিলেন, 'এটা আমি ক্লাসিক্যাল মিউজিক থেকে শিখেছি।' ক্লাসিক্যাল মিউজিক থেকে কবিতার উপাদান সংগ্রহ করা যায় এই প্রথম আমার ধারণা হলো।

পুস্তিকাটি লিখতে লিখতে চলে আসে ১০ নভেম্বর। তাঁর জন্মদিনে বেলা বারোটায় বাড়িতে আসেন প্রশান্ত মাজি। তিনি একটি বই উপহার দিয়ে দরজা থেকেই বিদায় নেন। জয়দা তাঁকে বলেন, 'প্রতিবারই আমাদের বাড়িতে এ দিন গুটিকয় লোকজন আসে। আজও আসবে। কিন্তু আমি স্থির করেছি আজ কবিতা লেখার মধ্যেই থাকব। জন্মদিনকে উপলক্ষ্যে করে লেখা থেকে ছুটি নেব না'। তিনি চলে যাওয়ার পর ১৫ সংখ্যক কবিতা লেখা হয়। কবিতাটি এরকম:

অভিযাত্রীদল

পাহাড়ের গায়ে ঝুলছে, শক্ত দড়ি ধরে

 

একজনের নিচে আরেকজন

পা লাগানো খাড়াই পাথরে

 

সূর্য বাড়ছে। বরফ ঝলমল

শিখরে শিখরে

 

অভিযাত্রীদল

উঠে যাচ্ছে

একজনের পিছনে একজন

 

উঠে যাচ্ছে

শতকের গায়ে ঝুলে ঝুলে

কত কত কত জন্মে, কবিতাশিখরে...

কবিতার প্রথম লাইন 'অভিযাত্রীদল'। একটি শব্দই একটি লাইন। ৭ নং লাইনে 'অভিযাত্রীদল' আবার ফিরে আসে। কবিতাটি আমাদের এমন এক দৃশ্যের সামনে দাঁড় করাচ্ছে যেখানে এক দঙ্গল ট্রেকার কোনও এক ট্রেক-রুটে উঠে যাচ্ছে। ধরা যাক এই ট্রেক-রুটের নাম অন্নপূর্ণা বেস ক্যাম্প। পোখরা পেরিয়ে অভিযাত্রীদল উঠে যাচ্ছে। সপ্তম লাইনে আবার ফিরে এল 'অভিযাত্রীদল'। মাঝের পাঁচটি লাইনে যেন ঝিনু, চোমরং, দোভান, দেউরালি, মাছাপুছরে বেস ক্যাম্প পেরিয়ে গিয়েছে ওই 'অভিযাত্রীদল'। সপ্তম লাইনে যখন ফের লেখা হলো 'অভিযাত্রীদল' ততক্ষণে ট্রেক করতে করতে তারা পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। কবিতাটি শেষ স্তবকে এই বার্তা দিচ্ছে একজন কবিতাসাধক খাড়াই পেরিয়ে, চড়াই-উতরাই পেরিয়ে ছুঁয়ে ফেলছেন শত শত বছরের কবিতাশিখর অর্থাৎ পর্বত চূড়ো। কেমন সেই সাধনার পথ? তার উত্তর পাই পুস্তিকার ১৪ সংখ্যক কবিতায়:

এই নীল জীবন অধ্যায় ছেড়ে উড়েছে কবিতা...

নীচে পড়ছে তাল

 

অনন্ত পতন যেন... ডাল থাকে ভূমি--

পথটুকু শেষ হচ্ছে না আর

 

মস্তক বিচূর্ণ হবে জেনেও সাধক

নড়ছে না, কারণবারি পাত্রে ঢালছে তার।

 

এইখানে পড়ে আছে কবিতা আমার...

পঞ্চম সংখ্যক কবিতাটি লিখতে গিয়ে 'চরিত্র খারাপ' শব্দ দুটি আচানক কবিতায় চলে আসে, তাঁকে না-জানিয়েই। আর সেখান থেকেই এ বইয়ের নাম পান তিনি। পরে এর প্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা একটি কবিতা লেখেন। পাণ্ডুলিপি প্রায় প্রস্তুত হয়ে যাওয়ার পর কবিতাটি তাঁর মাথায় এসেছিল। সেবারের জন্মদিনে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই অনেকে বাড়িতে আসতে থাকেন। তাঁদের সঙ্গে কথা বলেন জয়। তাঁর ভাই তিলক গোস্বামী রানাঘাট থেকে সপরিবারে এসেছিলেন। বাবাকে নিয়ে অনেকক্ষণ স্মৃতিচারণ হয় দুই ভাইয়ের মধ্যে। রাতে আমি কলেজস্ট্রিটে ফিরে আসার পর জয়দার ফোন পাই। ফোনে তিনি ১১ সংখ্যক কবিতাটি বলেন, আমি খাতায় লিখে নিই। এই কবিতায় 'চরিত্র খারাপ' নামটি আরও পূর্ণতা নিয়ে ফিরে আসে শেষ লাইনে- 'জেনে রাখো, লেখকের মতো এই বইটিরও চরিত্র খারাপ'!

শেষ লেখা অর্থাৎ ১৬ সংখ্যক কবিতাটি এরকম:

ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে

তিনজন মাতাল ফিরছে বাড়ি

 

শক্তি...উৎপল... সন্দীপন...

 

ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে

তিনজন মাতাল দিচ্ছে পাড়ি

 

শামসের... ভাস্কর... তুষার...

 

ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে...

ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে...

 

আমাদের দুচোখ অপার...

৯ পঙ্‌ক্তির এই কবিতায় 'ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে' লাইনটি ব্যবহার হয়েছে চারবার। কবিতার প্রথম লাইনই এটা। দ্বিতীয় লাইনে আকণ্ঠ সুরা পান করে তিনজন সাহিত্যকার-বন্ধুর বাড়ি ফেরার দৃশ্য। বোঝাই যাচ্ছে রাত জুড়ে আড্ডা হয়েছে তুমুল, সাহিত্য বিষয়ে যথেষ্ট তর্ক। শেষে বাড়ি ফিরতে গিয়ে সাঁতরাতে হচ্ছে ভোরবেলার মেঘ। সেই পঞ্চাশের দশকে। তিনজনের নাম শক্তি চট্টোপাধ্যায়, উৎপলকুমার বসু এবং সন্দীপন চট্টোপাধ্যায়। চতুর্থ লাইনে ফিরে এসেছে প্রথম লাইন 'ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে'। এর আগে কবিতায় দু'বার স্পেস ব্যবহার হয়ে গিয়েছে। তাই চতুর্থ লাইন যখন বলছেন, তার অর্থ-স্তর একই থাকছে না আর। বদলে যাচ্ছে, কেননা দশক পেরিয়ে যাচ্ছে। ততদিনে সাহিত্য সমাজে এসে পড়েছেন নতুন নতুন কবি! ষাটের দশকের নক্ষত্র শামসের আনোয়ার, ভাস্কর চক্রবর্তী, তুষার রায়। এরপর 'ভোরবেলার মেঘ ভেঙে ভেঙে' পেরিয়ে যায় আরও কত দশক। আর আমরা অপার চোখে দশকে দশকে এইসব মাতালদের বাড়ি ফেরা দেখি।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে আপত্তি নেই হামজার, তবে...
বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে আপত্তি নেই হামজার, তবে...
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন