নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের সুপারিশ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মো. আতাউর রহমান অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রথম বৈঠকে কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়। পাশাপাশি সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনেরও সুপারিশ করা হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়াতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যও কমিটি সুপারিশ করে।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং সারা দেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণ করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদফতরের প্রধান, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।