চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। ধান প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, সদ্য সমাপ্ত বোরো ২০২৬ মৌসুমে পাবনা জেলায় ৫ হাজার ৯৬৬ টন ধান এবং ২৫ হাজার ১৪৬ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর আগে ২০২৫-২৬ আমন মৌসুমে জেলাটিতে ৬৩৮ টন ধান ও ১৫ হাজার ৬২৮ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
খাদ্যমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাইক্ষমতা বিবেচনায় নিয়ে শিগগিরই পাবনা জেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের ধান ও চালের লক্ষ্যমাত্রা দেওয়া হবে।