প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে উৎসাহিত করতে সহজ শর্তে ও স্বল্প সুদে বিশেষ ঋণসহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এ জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ বা থোক বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নে তিনি এ বিষয়ে জানতে চান।
প্রশ্নে এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী বিভিন্ন কারণে দেশে ফিরে বর্তমানে বেকারত্ব ও চরম আর্থিক হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, প্রবাসফেরত দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিকে গ্রামীণ অর্থনীতিতে কাজে লাগানো এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে বিশেষ ঋণসহায়তা দেওয়া জরুরি।
এ ছাড়া দেশে ফেরত প্রবাসীদের পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগ উৎসাহিত করতে অর্থ বিভাগের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ বা থোক বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।