লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ইমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতো। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে তার বাসার অদূরে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বোন সুরাইয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বখাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’
জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে আবির ও নিহতের বন্ধু নিরবের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সেখানে মো. হোসেন নিরবের পক্ষ নেয়। সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে সমঝোতা হলেও বিষয়টি মেনে নেয়নি আবির। মঙ্গলবার বিকালে মো. হোসেনকে কারখানা থেকে বাড়িতে ফেরার পথে বাসার অদূরে মসজিদ গলিতে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন ছিল ভাড়াটিয়া এবং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতো। নিরব ছিল মো. হোসেনের বন্ধু।
নিহত মো. হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন।








