বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুযায়ী এলপিজি গ্যাস বিক্রি করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। ঢাকার মিরপুর-১৫ এ আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিকভাবে রাজধানীর ৩৯টি বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস ক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে আবু সাঈদ রাজা বলেন, এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। আমরা মনে করি, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।