ক্যামেরার সামনে বিজ্ঞাপনের শুট। হঠাৎ ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত বড় দুশ্চিন্তায় ফেলেছে নিউজিল্যান্ডকে। প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে কাঁধের হাড় সরে গেছে রাচিন রবীন্দ্রর। ফলে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এই অলরাউন্ডারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শনিবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, বুধবার স্বাগতিকদের সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে একটি প্রচারণামূলক অনুষ্ঠানের শুটিংয়ে ‘অদ্ভুত দুর্ঘটনার’ শিকার হন রবীন্দ্র। ডাইভ দিয়ে ক্যাচ ধরার সময় তার কাঁধের জয়েন্ট সরে যায়।
নিউজিল্যান্ড দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বড় ধরনের ক্ষতি অবশ্য হয়নি। তবে আগামী ২২ অক্টোবর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৬ বছর বয়সী রবীন্দ্র খেলতে পারবেন কি না, সেটি এখনই নিশ্চিত নয়।
এরপর ভারতের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল জানিয়েছেন, শুটিংয়ের সময় নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান রবীন্দ্র।
বিজ্ঞাপনের শুটে খেলোয়াড়দের অংশগ্রহণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি,‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটের মতো এই কার্যক্রমও আগে থেকে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে আয়োজন করা হয়েছিল এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থাও ছিল। বলা যায় এটা ছিল কিছুটা অদ্ভুত দুর্ঘটনা। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আরও পর্যালোচনা করে দেখবো।’
বাঁহাতি ব্যাটার ও স্পিন বোলার রবীন্দ্র ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ।
ভারত সফরের আগে তার পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না নিউজিল্যান্ড। কারণ ভারতের সিরিজের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলতে হবে কিউইদের।









