আফগানিস্তান টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যদিও তাতে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। একমাত্র টেস্টে দেশের অন্যতম প্রধান পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। সেই ম্যাচের দলে তাসকিনের পাশাপাশি জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার অমিত হাসানেরও। তাদের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়।
তাসকিনকে বিশ্রাম দেওয়ার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘এই টেস্ট ম্যাচ থেকে আমরা তাসকিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপকে অগ্রাধিকার দিচ্ছি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার পুরো সার্ভিস পাওয়ার অপেক্ষায় আছি।’
হাবিবুল বাশার আরও বলেছেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারে, যাতে নিজের ছন্দ ফিরে পেতে পারে। কারণ সে ইতিমধ্যে টেস্ট ম্যাচ খেলছে।’
অমিত হাসানের পরিবর্তে জাকের আলীকে নেওয়ার কারণ হিসেবে ফর্মকেই গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচক, ‘আমরা অমিত হাসানের জায়গায় জাকের আলীকে নিয়েছি। তার বর্তমান ফর্ম বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।’
এদিকে চোটের কারণে দলের বাইরে থাকা নাহিদ রানার পুনর্বাসন প্রক্রিয়াও চলছে। গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন এই পেসার।
তবে নাহিদকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। হাবিবুল বাশার জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর থেকে নাহিদকে পাওয়া যাবে। বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ চারটি হোম টেস্ট থাকায় নাহিদকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে চায় বোর্ড।
বাশার বলেছেন, ‘নাহিদকে ১০ অক্টোবর থেকে পাওয়া যাবে। আমাদের সামনে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আমরা তাকে প্রস্তুত রাখতে চাই।’









