শেষ হয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বকাপ। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তার দল পর্তুগাল। ফুটবল মহাযজ্ঞ থেকে আরেকবার হতাশ হয়ে বিদায় নিলেও দলের পারফরম্যান্সে তিনি ভীষণ খুশি।
ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৩-৩ গোলের ড্র দিয়ে মিশন শুরুর পর দারুণ ফুটবলে জায়গা করে নেয় নকআউটে। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও আশা জাগিয়েছিল তারা। কিন্তু লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ২-১ গোলের হারে থেমে যেতে হয়েছে সেলেকাওদের। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও রোনালদোর মতে, মাথা উঁচু করে রাশিয়া ছাড়ছেন তারা
এদিনসন কাভানির জোড়া লক্ষ্যভেদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা উরুগুয়েকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘আমাদের অবশ্যই উরুগুয়েকে অভিনন্দন জানানো উচিত, কারণ এই দলটি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আমার মতে আমরা ভালো ফুটবল খেলেছি, বাড়তি কিছু প্রাপ্য হয়তো ছিল আমাদের। কিন্তু ফুটবলে যারা বেশি গোল করে, জয় তাদেরই হয়। ওরা দুই গোল করেছে, তাই অভিনন্দন।’
হেরে বিদায় নিলেও পর্তুগালের পারফরম্যান্সে সন্তুষ্ট রোনালদো। এই কারণে জোর দিয়েই বললেন, ‘আমরা মাথা উঁচু রেখে বিদায় নিয়েছি। পর্তুগালের অধিনায়ক হিসেবে আমি জানি কতটা পরিশ্রম করেছি আমরা। আমাদের অবশ্যই দলকে নিয়ে গর্বিত হওয়া উচিত।’ পারফরম্যান্সের এই ধারা সামনেও সচল থাকার প্রত্যাশা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘আমরা মাথা উঁচু করে যাচ্ছি। আর আমি নিশ্চিত এই দলের জয়ের ধারা সামনেও বজায় থাকবে।’
রাশিয়া বিশ্বকাপের আয়োজকদের অভিনন্দন জানাতেও ভোলেননি রোনালদো, ‘বিশ্বকাপের আয়োজকদেরও অভিনন্দন জানাতে চাই, সব দিক থেকে এটা দুর্দান্ত টুর্নামেন্ট। আয়োজন, নিরাপত্তা, আবহ- সবকিছুই নিখুঁত।’
প্রশংসার বৃষ্টিতে ভেজানো এই বিশ্বকাপে বেশি দিন থাকা হলো না রোনালদোর। শেষ ষোলোতেই থেমে গেছে তার দল পর্তুগালের দৌড়। মার্কা








