নকআউটের প্রথম দুটি ম্যাচই ক্রোয়েশিয়া জিতেছে টাইব্রেকারে। ১৯৯৮ সালের পর প্রথম সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। আগামী ১১ জুলাইয়ের এই ম্যাচকে ‘যুদ্ধ’ বলছেন ক্রোয়েট কোচ জ্লাৎকো দালিচ।
ডেনমার্ক ও রাশিয়ার বিপক্ষে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে জয়টা টাইব্রেকারে আসায় ভাটা পড়েনি ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাসে। থ্রি লায়নদের বিপক্ষে প্রচুর শক্তি নিয়ে মস্কোতে লড়বে তারা।
সোচির ফিশৎ স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে স্বাগতিকদের হারানোর পর সংবাদ সম্মেলনে উদ্যোমী কণ্ঠে দালিচ জানান, তারা সেমিফাইনাল ‘যুদ্ধের’ জন্য তৈরি।
ক্রোয়েশিয়ার কোচ বলেছেন, ‘আমার ছেলেদের অভিনন্দন, রাশিয়াকেও। তারা ভালোই লড়েছে। এটা সুন্দর খেলা ছিল না, ছিল যুদ্ধ। সেমিফাইনালের জন্য যুদ্ধ। আমরা ভাগ্যবান ছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ।’
ইংল্যান্ডের বিপক্ষে জমিয়ে রাখা শক্তির ব্যবহার হবে জানালেন দালিচ, ‘ইংল্যান্ডের জন্য আমাদের শক্তি জমা আছে। আমরা থামতে চাই না। আমাদের সেরাটা খেলার চেষ্টা করব। এখনও দুটি ম্যাচ খেলার বাকি আছে। আমরা খুব উজ্জীবিত। আবারও আরেকটি যুদ্ধ হবে, কিন্তু দলের ওপর বিশ্বাস আছে আমার।’
ইংল্যান্ডের তরুণ দলকে নিয়ে সতর্ক ক্রোয়েশিয়ার কোচ। দুই দলেরই সম্ভাবনা দেখছেন দালিচ, ‘তারা সুইডেনকে পরাস্ত করেছে। ভালো খেলেছে তারা। তারা তরুণ ও প্রাণবন্ত। আগ্রাসী দল। এই বিশ্বকাপে আর কেউ ফেভারিট নেই। এখন সবার সম্ভাবনা ফিফটি-ফিফটি। এবার লড়াই করতে হবে। ফেভারিটরা দেশে ফিরে গেছে। যারা কঠোর পরিশ্রম করেছে এবং গোছালো, তারা এখনও রাশিয়ায় আছে।’ গোল ডটকম






