আট বছরের লিভারপুল ক্যারিয়ারে অ্যানফিল্ডে শেষ ম্যাচ খেলতে নেমে মনে রাখার মতো অবদান রাখলেন রবার্তো ফিরমিনো। শেষ দিকে তার নাটকীয় গোলে সমতা ফিরিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলো অল রেডরা।
শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লিভারপুল। মৌসুমের এক ম্যাচ হাতে রেখে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে থেকে চারে ম্যানইউ। উনাই এমেরির ভিলা ৫৮ পয়েন্ট নিয়ে সাতে।
২৭তম মিনিটে জ্যাক রামসি এগিয়ে দেন ভিলাকে। ডগলাস লুইজের ক্রসে ব্যাকপোস্ট থেকে হেড করে গোলকিপার আলিসনকে পরাস্ত করেন তিনি।
আরও পাঁচ মিনিট আগেই ভিলা লিড নিতে পারতো। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ওলি ওয়াটকিন্স শট গোলপোস্টের বাইরে দিয়ে মারেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুল সমতা ফেরানোর আনন্দে মেতেছিল। কিন্তু কডি গাকপোর লক্ষ্যভেদী শট ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে।
সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে লিভারপুলকে সামনের সপ্তাহে সাউদাম্পটনের মাঠে জিততেই হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন ম্যানইউ ও নিউক্যাসেল তাদের বাকি দুটি ম্যাচ হেরে যায়।








