আরেকটু হলেই ঘরের মাঠে ১৫ মাস পর হার দেখতে বসেছিল ম্যানচেস্টার সিটি। রদ্রির শেষ দিকের গোলে সেই রেকর্ড অক্ষত থেকেছে অবশ্য। কিন্তু চেলসির সঙ্গে ১-১ গোলের ড্রয়ে ইংলিশ লিগে শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে তাদের। সিটির ড্রয়ে শিরোপা লড়াইয়ে লাভ হয়েছে লিভারপুল ও আর্সেনালের।
১২ ম্যাচ ধরেই জয়ের ধারা অব্যাহত ছিল ম্যানসিটির। সেই ধারায় ছেদ ঘটলো এই ড্রয়ে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে তারা। দুইয়ে থাকা গানারদের চেয়েও পিছিয়ে আছে দুই পয়েন্ট। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। এই ম্যাচ জিতলে সামনের ম্যাচে শীর্ষে ওঠার একটা সুযোগ ছিল তাদের সামনে।
৪২ মিনিটে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তারপর বেশ কিছু সুযোগ হাতছাড়ায় ইতিহাদের দর্শকরা হয়ে পড়েন হতাশাগ্রস্ত। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে স্বস্তি ফেরায় রদ্রির গোল। ওয়াকারের শট ব্লক হলে সেটি পেয়ে যান রদ্রি। তার বুলেট গতির শট শালোবার পায়ে লেগে জড়িয়েছে জালে।
পুরো ম্যাচ জুড়েই চেলসির ব্যাকলাইনের ভালো পরীক্ষা নিয়েছিল সিটি। সফরকারীদের ৯টির বিপরীতে তারা শট নিয়েছিল ৩১টি। যদিও লক্ষ্যে ছিল মাত্র ৫টি শট! চোট কাটিয়ে ফেরা আর্লিং হাল্যান্ড অনেক চেষ্টা করেছেন গোল পেতে। এই প্রথম সিটির ক্যারিয়ারে ৯টি শট নিয়ে একটিও গোল পাননি তিনি।








