চেলসির কোল পালমার প্রথমার্ধে করলেন চার গোল। এর মধ্যে একটি দূরপাল্লার ফ্রি কিক ও আরেকটি পেনাল্টি থেকে। শনিবার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে ব্লুরা ৪-২ গোলে জিতেছে।
দুই প্রান্তেই গোলকিপার ভুল করেছেন। জমাট রক্ষণভাগ এবং গতিময় কাউন্টার অ্যাটাকে রোমাঞ্চকর লড়াই দেখা গেলো স্ট্যামফোর্ড ব্রিজে।
ব্রাইটনের ফরাসি ফরোয়ার্ড জর্জিনিয়ো রাটার সপ্তম মিনিটে অতিথিদের এগিয়ে দেন। তারপর ২২ বছর বয়সী পালমার ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন।
ব্রাইটনের সাবেক গোলকিপার রবার্তো সানচেজ গোলমুখ ছেড়ে বেরিয়ে এলে রাটার হেড করে জালে বল পাঠান। ওই চাপ কাটিয়ে উঠে চেলসি অতিথিদের গোলবন্যায় ভাসায়।
গোল উৎসব করার আগে পালমার পোস্টে বল আঘাত করেন এবং তার একটি গোল বাতিল হয় অফসাইডে। ২০ মিনিট পিছয়ে থাকার পর ঘুরে দাঁড়ায় চেলসি।
নিকোলাস জ্যাকসনের বাড়ানো বল জালে জড়িয়ে দেন পালমার। পেনাল্টি এরিয়াতে জ্যাডন সানচো ফাউলের শিকার হন। পেনাল্টি থেকে বার্ট ভারব্রুগেনকে ভুল দিয়ে পাঠিয়ে গোল করেন তিনি।
ম্যানসিটির সাবেক খেলোয়াড় পালমারের ‘আইস কুল’ নামটি যথাযথ হয়েছে। আবার সেটা প্রমাণও করলেন। গত মৌসুমে চেলসি থেকে যোগ দেওয়ার পর থেকে দশম পেনাল্টি পেয়ে শতভাগ সাফল্য ধরে রাখেন পালমার।
ম্যাচ ঘড়ি আধঘণ্টা পার হতেই হ্যাটট্রিক পূর্ণ করেন পালমার। ৩০ মিটার দূর থেকে নেওয়া তার ফ্রি কিক বাঁক খেয়ে উঁচু কোনাকুনি হয়ে জালে জড়ায়।
৩২তম মিনিটে কার্লোস বালেবা ব্রাইটনের হয়ে একটি গোল শোধ দেন সানচেজের দ্বিতীয় ভুলে।
হাফটাইমের কিছু আগে পালমার চতুর্থবার গোল করেন। জ্যাডন সানচোর নিখুঁত অ্যাসিস্টে তিনি লক্ষ্যভেদ করেন।
প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে প্রথমার্ধে চার গোল করলেন পালমার। দ্বিতীয়ার্ধে পঞ্চম গোল করেই ফেলেছিলেন তিনি। কিন্তু শুধুমাত্র লেস্টার কিপার ভারব্রুগেনকে একা পেয়েও পাশ দিয়ে বল মারেন।








