প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ের পথে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। ব্রাইটনের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যেই খেলছিল তারা। গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু ‘উদ্ভট’ এক পেনাল্টির সিদ্ধান্তে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
১৬ মিনিটে প্রথম গোলটি করেছিলেন ইথান এনওয়ানেরি। তার পর পেনাল্টির ঘটনাটি ঘটে ঘণ্টাখানেকের ঠিক আগে। ব্রাইটন সমতা সূচক গোল খুঁজছিল। তখন ব্রাইটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো ফ্লিক করে আর্সেনালের পেনাল্টি অঞ্চলে বাতাসে উঠিয়ে দেন বল। লক্ষ্য ছিল হেড করার। ঠিক তখনই বল ক্লিয়ার করতে যান আর্সেনালের উইলিয়ামস সালিবা। ঠিক তখনই মাথায় সংঘর্ষ লাগে দুজনের। তাতে পেদ্রো মাটিতে গেছেন। রেফারি টেইলর কিছুক্ষণ সময় নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন। ভার রিভিউতেও টিকে থাকে এমন সিদ্ধান্ত।
অবশ্য ফুটবল পন্ডিতরা অনেকেই দাবি করেছেন, ওই ঘটনা পেনাল্টি দেওয়ার মতো ছিল না। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার এবং ফুটবল-পণ্ডিত গ্যারি লিনেকার বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ তে বলেছেন, ‘এটা পরিষ্কারভাবে সালিবার হেড ছিল। মাথার সংঘর্ষের জন্য পেনাল্টি দেয়, কখনও দেখিনি।’
ম্যাচের পর হতাশা প্রকাশ করেন গানারদের কোচ মিকেল আর্তেতাও। তিনি বলেছেন, জীবনে এমন পেনাল্টি দেখেননি তিনি, ‘সিদ্ধান্তটা নিয়ে আমি খুব হতাশ। কারণ জীবনে এমন কিছু দেখিনি। কারণ সেও বল স্পর্শ করেছিল। উদ্ভট সিদ্ধান্ত। পুরো ক্যারিয়ারে এমন কিছু দেখিনি। ছেলেদেরকে প্রশ্ন করেছি, বলেছে তারাও এমন কিছু দেখেনি। বলা যায় সম্পূর্ণ নতুন উদাহরণ।’
যদিও ব্রাইটন কোচ ফাবিয়ান হুরজেলার মনে করেন এটা ছিল স্পষ্ট পেনাল্টি, ‘এটা স্পষ্ট পেনাল্টি। সালিবা হেড করতে অনেক দেরি করেছিল।’
টেবিলের দুই নম্বরে থাকলেও ড্রয়ের ফলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচ হয়ে গেছে আর্সেনালের। তারা ম্যাচও খেলেছে দুটি বেশি।








