বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই দল স্পেন ও আর্জেন্টিনাকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। কাগজে-কলমে স্পেনকে এগিয়ে রাখছেন অনেক ফুটবল বিশ্লেষক। সেই তালিকায় যোগ দিলেন মার্কিন জাতীয় দলের সাবেক ফুটবলার মাইক গ্রেলাও। তার মতে, আর্জেন্টিনা অনেক দিক থেকে স্পেনের মতো খেললেও মানের বিচারে পিছিয়ে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন এই বলে যে, লিওনেল মেসির দলকে কখনোই খাটো করে দেখা যাবে না।
বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে গ্রেলার বিশ্লেষণাটা এমন, ‘আমার মনে হয়, আর্জেন্টিনা আসলে স্পেনেরই দুর্বলতম সংস্করণ। তারা অনেকটা একই ধরনের ফুটবল খেলে। তবে স্পেন তাদের চেয়ে ভালো, আরও পরিণত দল। আমি মনে করি, বলের দখলও বেশির ভাগ সময় স্পেনের কাছেই থাকবে।’
তবে আর্জেন্টিনার মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তিনি, ‘কিন্তু আর্জেন্টিনা... তারা যেন লড়াকু যোদ্ধা। গলিতে লড়াই করা প্রাণীদের মতো। তারা কোনো কিছুর তোয়াক্কা করে না। যেকোনো মূল্যে জিততে চায়।’
৪৬টি দেশকে পেছনে ফেলে এখন বিশ্বকাপ জয়ের মাত্র এক ধাপ দূরে স্পেন ও আর্জেন্টিনা। তবে দুই দলের ফাইনালে ওঠার পথ ছিল একেবারেই ভিন্ন।
স্পেন শুরু থেকেই ছিল টুর্নামেন্টের সবচেয়ে পরিপূর্ণ দলগুলোর একটি। অন্যদিকে আর্জেন্টিনা বারবার এমন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে, যেখান থেকে অনেকেই তাদের বিদায় নিশ্চিত ধরে নিয়েছিলেন।
দুই দলের খেলার ধরনেও বেশ মিল। বল হারানোর পরপর দুই দলই প্রতিপক্ষকে চাপে ফেলে বল পুনরুদ্ধারের চেষ্টা করে। অকারণে ক্রস বা ঝুঁকিপূর্ণ লম্বা পাসের বদলে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলে। মাঝমাঠে রদ্রি ও এনজো ফার্নান্দেজের মতো টেকনিক্যাল ফুটবলাররা খেলার গতি নিয়ন্ত্রণ করেন। তবে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি পৌঁছানোর পরই পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। স্পেন সুযোগ তৈরির জন্য নিজেদের কৌশল ও দলগত ছন্দের ওপর ভরসা রাখে। বিপরীতে কঠিন মুহূর্তে আর্জেন্টিনা লিওনেল মেসির দিকেই তাকিয়ে থাকে। এই পার্থক্যই রবিবারের ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে পারে।
স্পেন চাইবে দীর্ঘ সময় বল নিজেদের দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করতে। ফ্রান্সের বিপক্ষেই যেমন সেমিফাইনালে তারা পুরো ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে এবং গোছানো ফুটবল খেলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে।
অন্যদিকে, আর্জেন্টিনা ম্যাচের গতি কমিয়ে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে চাইবে। এরপর মেসি যখনই সতীর্থদের ফাঁকা জায়গায় দৌড়াতে দেখবেন, তখনই দ্রুত পাল্টা আক্রমণে যাবে দল।









