সামনের বেঞ্চের ছাত্র থেকে বিশ্বচ্যাম্পিয়ন কোচ, এবার গুরুর প্রতিপক্ষ স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১২:১১আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:১১

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই ফুটবল পরাশক্তির নয়, এটি গুরু ও শিষ্যের লড়াই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একসময় স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছেই কোচিং শিক্ষা নিয়েছিলেন। শুধু তাই নয়, কাতার বিশ্বকাপ জয়ের পর ব্যক্তিগত আলোচনায় শিক্ষককে কিছু পরামর্শও দিয়েছিলেন, যা পরে স্পেন জাতীয় দলে কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে নিজেই।

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াইয়ের বাইরে এই ম্যাচে আলোচনার বিষয় হয়ে উঠেছে দুই কোচ লিওনেল স্ক্যালোনি ও লুইস দে লা ফুয়েন্তের মধ্যকার সম্পর্ক।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে তার সাবেক গুরু প্রসঙ্গ তুলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ, ‘তার সঙ্গে আমার দারুণ স্মৃতি জড়িয়ে আছে। কোচিং কোর্সে যেসব শিক্ষকের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলতাম, তিনি তাদের একজন। আমি সব সময় অনেক প্রশ্ন করতাম, আর তিনি কখনো বিরক্ত হতেন না। আমার কাছে তিনি সব সময়ই একজন অসাধারণ মানুষ।’

২০১৭ সালে, হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে আর্জেন্টিনা দলে কাজ করার সময় উয়েফা প্রো লাইসেন্স অর্জনের কোচিং কোর্সে ভর্তি হন স্ক্যালোনি। সেই কোর্সে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রশিক্ষক হিসেবে ট্যাকটিকস অ্যান্ড গেম সিস্টেম বিষয়ে পাঠদান করতেন লুইস দে লা ফুয়েন্তে।

একই ব্যাচে ফার্নান্দো রেডন্দো, হাভিয়ের সাভিওলা, লিও ফ্রাঙ্কো ও হুলিও সেজারের মতো সাবেক তারকারাও ছিলেন। তবে পরবর্তীতে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্ক্যালোনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং স্কুলের পরিচালক গিনেস মেলেন্দেজের ভাষ্য অনুযায়ী, স্ক্যালোনি ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র এবং প্রায়ই সামনের সারিতে বসে ক্লাস করতেন।

দুজনের কোচিং ক্যারিয়ারেও রয়েছে দারুণ মিল। দে লা ফুয়েন্তে প্রায় ১৩ বছর ধরে স্পেনের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব পালন করে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ এবং অলিম্পিক দলে সাফল্যের পর ২০২২ সালের ডিসেম্বরে স্পেনের জাতীয় দলের দায়িত্ব পান।

অন্যদিকে স্ক্যালোনি শুরুতে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ। সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করার পর মাত্র কয়েকটি অনূর্ধ্ব-২০ দলের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলের দায়িত্ব পান। পরে সেই অস্থায়ী দায়িত্বই তাকে এনে দেয় কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপের শিরোপা।

কাতার বিশ্বকাপ জয়ের পর কোচদের এক ফোরামে দে লা ফুয়েন্তের সঙ্গে দীর্ঘ ব্যক্তিগত আলাপও হয়েছিল বলে জানান স্ক্যালোনি, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের খুব সুন্দর একটি আলোচনা হয়েছিল। আমি কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, যা তাকে হয়তো কিছুটা সাহায্য করেছে। অহংকার করে বলছি না, তবে তিনি সেগুলো নিজের দলে দারুণভাবে প্রয়োগ করেছেন।’

শিষ্যের প্রশংসার জবাবে দে লা ফুয়েন্তেও বহুবার স্ক্যালোনির প্রশংসা করেছেন, ‘লিওনেল ছিল অত্যন্ত পরিশ্রমী, আগ্রহী এবং শেখার প্রবল ইচ্ছাসম্পন্ন একজন ছাত্র। তার মধ্যে নিজেকে আরও উন্নত করার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তার শিক্ষক হতে পেরে আমি গর্বিত।’

ফাইনালের আগে স্ক্যালোনি জানিয়েছেন, সাবেক শিক্ষককে ফোন করবেন না। তবে মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তার প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।

এবারের বিশ্বকাপ ফাইনাল তাই শুধু দুই দেশের শ্রেষ্ঠত্বের লড়াই নয়। এটি এক সময়ের গুরু ও তার সবচেয়ে সফল শিষ্যের মর্যাদার দ্বৈরথ। এবার দেখার অপেক্ষা, শেষ হাসি হাসবেন কে? 

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে চ্যাম্পিয়ন দেখছিলেন ঢাবি অধ্যাপক, ফাইনালের দিন যা বললেন
বিশ্বকাপ জিতেও আসল ট্রফি রাখতে পারে না চ্যাম্পিয়নরা! জানেন কেন?
মেসিকে থামানোর উপায় জানালেন ইনিয়েস্তা
সর্বশেষ খবর
লাতিন আমেরিকায় অনেকেই কেন স্পেনের জয় চাইছেন
লাতিন আমেরিকায় অনেকেই কেন স্পেনের জয় চাইছেন
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
বছরের সেরা টেকসই পোশাক কারখানার পুরস্কার জিতলো ‘এভিটেক্স ড্রেস শার্ট’
বছরের সেরা টেকসই পোশাক কারখানার পুরস্কার জিতলো ‘এভিটেক্স ড্রেস শার্ট’
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু