রিয়াল মাদ্রিদকে নিয়ে পেরেজের ১০ বিলিয়ন ইউরোর প্ল্যান! 

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯

রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। প্রায় ১০ বিলিয়ন ইউরো মূল্যমানের একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন তিনি। তবে এই পরিকল্পনায় ক্লাবের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চান পেরেজ। নতুন কোম্পানির ৮০ থেকে ৯০ শতাংশ মালিকানা থাকবে রিয়াল মাদ্রিদের হাতে। বাকি অংশের জন্য যুক্ত হবেন বাইরের বিনিয়োগকারী। পরিকল্পনাটি কার্যকর করতে হলে ক্লাব সদস্যদের অনুমোদন প্রয়োজন।

গত শনিবার ক্লাব সদস্যদের সঙ্গে এক বৈঠকে পেরেজ স্পষ্ট করে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকবে শুধু সদস্যদের হাতে। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ করবেন শুধু সদস্যরাই। সব সময় এমনটাই হয়ে এসেছে, ভবিষ্যতেও তা-ই থাকবে।’ অর্থাৎ বড় ধরনের বাণিজ্যিক পরিবর্তনের পরিকল্পনা থাকলেও ক্লাবের বর্তমান মালিকানা কাঠামো ধরে রাখার ব্যাপারে অনড় তিনি।

পেরেজের এই উদ্যোগের পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদকে ঘিরে বাইরের বিভিন্ন পক্ষের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই গত গ্রীষ্মে নির্ধারিত সময়ের আগে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। অথচ তার পুনর্নির্বাচিত হওয়ার তখনও দেড় বছর পেরোয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, নতুন কোম্পানির নাম হতে পারে ‘রিয়াল মাদ্রিদ মাদ্রিদিস্তাস এসএল’। ক্লাবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করবে এই প্রতিষ্ঠান। এতে রিয়াল মাদ্রিদের মালিকানা থাকবে ৮০ থেকে ৯০ শতাংশ। বাইরের কোনও বিনিয়োগকারী পাবেন ৫ থেকে ১০ শতাংশ শেয়ার। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগকারীর অংশীদারত্ব ৫ শতাংশেই সীমাবদ্ধ রাখার কথা ভাবা হচ্ছে।

কোম্পানিটির প্রাথমিক মূল্যায়ন ১০ বিলিয়ন ইউরো হলে ৫ শতাংশ শেয়ারের জন্য বিনিয়োগকারীকে দিতে হবে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো। আর ১০ শতাংশ শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১ বিলিয়ন ইউরো। অর্থাৎ ক্লাবের নিয়ন্ত্রণ না হারিয়েই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারবে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে স্পেনের প্রচলিত নিয়ম অনুযায়ী স্পোর্টস পাবলিক লিমিটেড কোম্পানিতে (এসএ) রূপান্তরিত হওয়ারও প্রয়োজন পড়বে না।

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে পরিকল্পনাটিতে সমর্থন দিয়েছে। নতুন কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধনও করা হয়েছে। ক্লাবের মহাব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদের সদস্য হোসে অ্যাঞ্জেল সানচেজ প্রতিষ্ঠানটির একমাত্র প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ক্লাবের মূল ব্যবসায়িক কার্যক্রম নতুন কোম্পানির অধীনে চলে যাবে।

তবে উদ্যোগটি বাস্তবায়নের পথে এখনও গুরুত্বপূর্ণ বাধা রয়েছে। প্রথমে সাধারণ সভায় পরিকল্পনাটি অনুমোদন করাতে হবে পেরেজকে। এরপর সদস্যদের নিয়ে গণভোট আয়োজনের সুযোগ পাবেন তিনি। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই এগোবে ১০ বিলিয়ন ইউরোর এই প্রকল্প। রিয়াল মাদ্রিদের অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত তাই সদস্যদের হাতেই থাকছে।

শনিবারের বৈঠকে অবশ্য নতুন কোম্পানি গঠনের বিষয়টি আলোচনায় আসেনি। বরং স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। পেরেজের আস্থাভাজন হিসেবে পরিচিত আনাস লাগরারি ও হোসে অ্যাঞ্জেল সানচেজের সঙ্গে এবার পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন নাদালও।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
মরিনহোর রিয়ালকে থামাতে পারবে পিএসভি?
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
সর্বশেষ খবর
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড