কমনওয়েলথ গেমসে সোনাজয়ের স্বপ্নময় অধ্যায়ের পর এবার জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নামতে হলো মোহাম্মদ হাফিজউদ্দিন রসলিনকে। মালয়েশিয়ায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন দেশটির ২১ বছর বয়সী এই ভারোত্তোলক। কনুইয়ের ওপর থেকে তার হাত কেটে ফেলতে হয়েছে চিকিৎসকদের।
মালয়েশিয়ার নিজ এলাকায় দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবারও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাফিজউদ্দিন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দেশটির ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি আয়ুব রহমান।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘সে জেগে আছে, হাসছে। শারীরিকভাবে তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে এই ঘটনা তার ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলেছে।’
গত জুলাইয়ে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের ৮৮ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন হাফিজউদ্দিন। তার সামনে ছিল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেওয়ার সম্ভাবনাও।
হাফিজউদ্দিনের হাত কনুইয়ের ওপর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। দেশটির ভারোত্তোলন ফেডারেশন সভাপতি এই ঘটনাকে দেশের ভারোত্তোলনের জন্য ধাক্কা ও বিশাল ক্ষতি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে হাফিজউদ্দিনের চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দুর্ঘটনার পরও তাকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার পরিকল্পনা করছে দেশটির ভারোত্তোলন ফেডারেশন।