অনলাইনে পোশাক বা আনুষঙ্গিক পণ্য কেনার সময় অনেক ক্রেতাই দ্বিধায় থাকেন, পণ্যটি ছবিতে যেমন দেখাচ্ছে বাস্তবে নিজে পরলে তা কেমন দেখাবে বা রঙ মানাবে কি না। এই সমস্যা দূর করতে নতুন ‘ভার্চুয়াল ট্রাই-অন’ সুবিধা চালু করেছে ওপেনএআই। গত ১ অক্টোবর থেকে বিশ্বজুড়ে চালু হওয়া সুবিধাটিতে ব্যবহারকারীর সেলফি বা পুরো শরীরের ছবি ব্যবহার করে নির্বাচিত পোশাকের একটি কৃত্রিম ছবি তৈরি করবে চ্যাটজিপিটি।
নতুন সুবিধাটি চ্যাটজিপিটির কেনাকাটার ফলাফলে থাকা পোশাক ও আনুষঙ্গিক পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কোনো পণ্য নিজের ওপর কেমন দেখাবে তা দেখতে পছন্দের পণ্যের পাশে থাকা ‘ট্রাই অন’ অপশনে চাপ দিয়ে নিজের একটি ছবি আপলোড করতে হবে। এরপর চ্যাটজিপিটি উক্ত পণ্যটি ব্যবহারকারীর শরীরে কেমন দেখাবে, তা দেখিয়ে একটি নতুন ছবি তৈরি করবে। এ সুবিধা শুধু চ্যাটজিপিটির মাধ্যমে খুঁজে পাওয়া পণ্যের জন্য সীমাবদ্ধ নয়। অন্য কোনো ওয়েবসাইটে পছন্দের পোশাক পেলে সেটির স্ক্রিনশটও চ্যাটজিপিটিতে আপলোড করে নিজের ছবিতে পোশাকটি পরা অবস্থার একটি ছবি তৈরি করা যাবে। তৈরি করা রেফারেন্স ছবি ভবিষ্যতের ট্রাই-অনেও ব্যবহার করা যাবে এবং সেটিংস → পার্সোনালাইজেশন → রেফারেন্স ফটোস থেকে তা পরিবর্তন বা মুছে ফেলা যাবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন সুবিধাটি চ্যাটজিপিটি ইমেজেস ২.৫ মডেলের মাধ্যমে কাজ করে। সেপ্টেম্বরে উন্মুক্ত এই মডেল আগের সংস্করণের তুলনায় আরও স্বাভাবিক আলো, উন্নত টেক্সচার এবং নির্দেশনা অনুসরণের ক্ষেত্রে আরও নির্ভুল ছবি তৈরি করতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ছবি তৈরির সময়ও আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে নতুন এই মডেলে।
ভার্চুয়াল ট্রাই-অন সুবিধার পাশাপাশি পছন্দের পণ্য পরে দেখার জন্য ‘ফেভারিটস’ সুবিধাও চালু করেছে ওপেনএআই। ব্যবহারকারীরা পণ্যগুলো চ্যাটজিপিটির লাইব্রেরীতে সংরক্ষণ করতে পারবেন। চাইলে সেখানে ফোল্ডার তৈরি করে পছন্দের পোশাক আলাদাভাবে সাজিয়েও রাখা যাবে।
তবে তৈরি করা ছবিকে পোশাকের প্রকৃত মাপ বা ফিটের নিশ্চয়তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ছবিতে পণ্য বা ব্যবহারকারীর চেহারা পুরোপুরি সঠিকভাবে নাও ফুটে উঠতে পারে। তাই কেনার আগে বিক্রেতার মাপের তথ্য, পণ্যের বিবরণ ও ফেরত দেওয়ার নীতি দেখে নেওয়া প্রয়োজন।
অনলাইন কেনাকাটায় ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির সম্পৃক্ততা আরও বাড়াতে নতুন এসব সুবিধা চালু করা হয়েছে। এখন শুধু পছন্দের পোশাক খুঁজে দেওয়া নয়, কেনার আগে সেটি নিজের ওপর কেমন দেখাবে, তা ভার্চুয়ালি দেখে নেওয়ার সুযোগও দিচ্ছে চ্যাটজিপিটি। তবে এ সুবিধা ব্যবহারের সময় ব্যক্তিগত ছবির গোপনীয়তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ব্যক্তিগত চ্যাটজিপিটি অ্যাকাউন্টে আপলোড করা ছবি মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে, যদি ব্যবহারকারী সেটিংস থেকে এ বিষয়ে অপ্ট-আউট না করে থাকেন।
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ইনস্টাগ্রামের জন্য মেটার নতুন এআই, যেসব সুবিধা পাবেন নির্মাতারা