ফেসবুকে দীর্ঘদিন ধরে প্রকাশ করা ব্যক্তিগত পোস্ট, ছবি কিংবা নানা অভিজ্ঞতার স্মৃতি অন্য প্ল্যাটফর্মেও সংরক্ষণ করা সম্ভব। বিশেষ করে গুরুত্বপূর্ণ পোস্টের ব্যাকআপ রাখা, অন্য সেবায় সেগুলো ব্যবহার করা কিংবা একাধিক প্ল্যাটফর্মে কনটেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে এ সুবিধা কাজে আসতে পারে। ব্যবহারকারীদের এ সুযোগ দিতে ফেসবুকে রয়েছে ‘ট্র্যান্সফার ইউর ইনফরমেশন’ নামের একটি সুবিধা। এর মাধ্যমে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই নিজের পোস্ট ও নোট গুগল ডকস, গুগল ফটোস কিংবা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্মে স্থানান্তর করা যায়।
যেসব প্ল্যাটফর্মে নেওয়া যাবে
ফেসবুকের এ সুবিধার মাধ্যমে পোস্ট ও নোট গুগল ডকস, ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ডটকমে স্থানান্তর করা যায়। এ ছাড়া ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য রয়েছে গুগল ফটোস, ড্রপবক্সসহ কয়েকটি সেবা। তবে কোন ধরনের কনটেন্ট কোন প্ল্যাটফর্মে পাঠানো যাবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট সেবার সমর্থনের ওপর। তাই স্থানান্তর প্রক্রিয়া শুরু করার আগে পছন্দের প্ল্যাটফর্মটি সমর্থন তালিকায় রয়েছে কি না, তা দেখে নিতে হবে।
যেভাবে স্থানান্তর করবেন
প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারে যেতে হবে। সেখানে ‘ইউর ইনফরমেশন এন্ড পারমিশনস’বিভাগে ট্র্যান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন অপশনটি পাওয়া যাবে। এরপর যে ফেসবুক প্রোফাইলের কনটেন্ট স্থানান্তর করতে চান, সেটি নির্বাচন করে পোস্টস বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে গন্তব্য প্ল্যাটফর্ম নির্বাচন করে নেক্সট চাপতে হবে। এরপর নির্বাচিত সেবার অ্যাকাউন্টে সাইন ইন করে ফেসবুককে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। সবশেষে স্টার্ট ট্র্যান্সফার বা কনফার্ম ট্র্যান্সফার নির্বাচন করলে প্রক্রিয়া শুরু হবে। স্থানান্তরের আগে পরিচয় যাচাইয়ের জন্য ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় দিতে হতে পারে। কাজ চলার সময় ফেসবুক থেকেই স্থানান্তরের অগ্রগতি দেখা যাবে।
স্থানান্তরের আগে যা জানা জরুরি
এ প্রক্রিয়ায় ফেসবুকের মূল পোস্ট মুছে যায় না; কেবল সেগুলোর একটি কপি অন্য প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়। ফলে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেও মূল কনটেন্ট ফেসবুকেই থাকবে। পোস্টের সংখ্যা বেশি হলে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। এ ছাড়া অন্য প্ল্যাটফর্মে কনটেন্ট স্থানান্তরের আগে সংশ্লিষ্ট সেবার নিরাপত্তা ও গোপনীয়তা নীতিমালা যাচাই করে নেওয়া উচিত।
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?