কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ইন্টারনেট গভর্ন্যান্সের নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-২০২৬। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে তিন দিনব্যাপী এই ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের ১২টি অধিবেশনে দুই শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, শুরুতে বাংলাদেশে ভয়েস কলের কানেক্টিভিটি নিশ্চিত করা ছিল প্রধান লক্ষ্য। সময়ের পরিক্রমায় ভয়েস থেকে ডাটা পেরিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা প্রবেশ করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগের জন্য বিদ্যমান কর্মপ্রবাহ এবং পরিচালন কাঠামোয় পুনর্বিন্যাস প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে বাংলা সপ্তম বৃহত্তম ভাষা হলেও ইন্টারনেটে এর উপস্থিতি মাত্র ০.১ শতাংশ। ফলে ইন্টারনেটে মানসম্মত বাংলা কনটেন্ট ও এআইভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করে গ্রামপর্যায়ে ইন্টারনেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল উর রহমান (অব.) সাইবার কৌশল জোরদারের পাশাপাশি ডিপফেক ও স্বয়ংক্রিয় ফিশিংয়ের মতো এআই-নির্ভর হুমকি সম্পর্কে সতর্ক করেন।
সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার জয়েস চেন অনলাইন নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব দেন। সুইজারল্যান্ডের জেনেভা থেকে যুক্ত হয়ে জাতিসংঘ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের বিশেষজ্ঞ আনজা গেঙ্গো শিশুদের অনলাইন সুরক্ষা ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির কথা বলেন।
এছাড়া ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদার শহর ও গ্রামের বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের ওপর জোর দেন। স্বাগত বক্তব্যে জাতিসংঘের মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন গ্রুপের সদস্য এ. এইচ. এম. বজলুর রহমান মানবাধিকার ও লিঙ্গসমতা বজায় রেখে প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছানোর তাগিদ দেন।
আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই ফোরামে এআই নীতি, সাইবার নিরাপত্তা, ডাটা গভর্ন্যান্স ও ডিজিটাল অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
অজানা নম্বর থেকে কল বন্ধে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত