বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগিয়ে নেওয়া হচ্ছে। বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার একটি সুশাসনভিত্তিক কাঠামোর দিকে যেতে চায়।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। দীর্ঘ সময় ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ দেশের মানুষ স্বাধীনভাবে এই দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ মিলেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা এখনও প্রাসঙ্গিক। পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি তিনি স্থাপন করেছিলেন।
তার ভাষায়, জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনও দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।








