২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৮:০৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:১১

বেশ কয়েক দিন গুঞ্জনটা উড়েছিল বাতাসে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন, বিশ্বকাপ আয়োজনে বিড করেছে বাংলাদেশ। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর এলো। আবারও বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজক নির্বাচিত হয়েছে লাল-সবুজের দেশ। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকের ‍নাম চূড়ান্ত করেছে আইসিসি। সেখানেই জানা গেছে, ২০৩১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ যৌথভাবে ভারতের সঙ্গে আয়োজন করবে বাংলাদেশ।

পাপন আগেই জানিয়েছিলেন, এককভাবে বিশ্বকাপ, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। পর্যাপ্ত মাঠ বাংলাদেশের নেই। তাই যৌথভাবে আবেদন করেছিল বিসিবি। আইসিসির ঘোষণায়, নতুন চক্রের শেষ ওয়ানডে বিশ্বকাপটা হবে বাংলাদেশে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ভারত। মাঝের একটি বাদ দিয়ে ২০৩১ সালে আবারও তারা আয়োজক হবে বাংলাদেশের সঙ্গে।

২০১১ সালে প্রথমবার বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। সেবার ভারত-শ্রীলঙ্কার সঙ্গে মিলে বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হয়েছিল লাল-সবুজের দেশ। মাঝে ২০১৪ সালে এককভাবে আয়োজন করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০৩১ সালে আবারও আয়োজকের ভূমিকায় থাকবে বাংলাদেশ।

আট বছরের চক্রে আর কোনও আসরের আয়োজক হতে পারেনি বাংলাদেশ। অর্থাৎ, সময়ের হিসাব কষলে এখন থেকে ১০ বছর পর আইসিসির কোনও প্রতিযোগিতা আয়োজনের সুযোগ আসবে। অথচ ২০২৩ সালেই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা ভারত নতুন চক্রে আয়োজক তিনটি প্রতিযোগিতার!

২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই প্রথম বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। পরের বছর, মানে ২০২৫ সালের জুনে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানে। ২৮ বছর পর কোনও আইসিসি ইভেন্ট হবে এশিয়ার দেশটিতে। সবশেষ ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ সালের অক্টোবর/নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। এখানেই নতুন চমক। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে মিলে তারা আয়োজন করবে ৫০ ওভারের বিশ্ব আসর। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সবশেষ যৌথভাবে আয়োজকের ভূমিকায় ছিল।

২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। ঠিক এক বছর পর ভারত আয়োজন করবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০৩০ সালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। আর পরের বছরই ২০৩১ সালের অক্টোবর/নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ বসবে বাংলাদেশে, সহ-আয়োজক ভারতের সঙ্গে যৌথভাবে।

২০২৪ থেকে ২০৩১ সালে আইসিসির বৈশ্বিক প্রতিযোগিতা:

আয়োজক

সময় 

প্রতিযোগিতা

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র    

জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান    

ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি

ভারত ও শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া

অক্টোবর/নভেম্বর, ২০২৭

ওয়ানডে বিশ্বকাপ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

অক্টোবর, ২০২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত

অক্টোবর, ২০২৯

চ্যাম্পিয়নস ট্রফি

ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

জুন, ২০৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ ও ভারত

অক্টোবর/নভেম্বর ২০৩১

ওয়ানডে বিশ্বকাপ

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
বাদ সালমান আলী, পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে নতুন মুখ
আমিরাতকে হারাতে না পারলেও প্রস্তুতি সেরে নিলো বাংলাদেশ
পিসিবির সিদ্ধান্তে বাতিল ভারত-পাকিস্তান মহারণ!
সর্বশেষ খবর
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ  রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ  রাকিবের
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ