বিয়ের আশায় কানাডা থেকে ভারতে নারী, বয়স জানার পর বেঁকে বসলেন পাত্র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে বিয়ে করতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতের রাজস্থানে এসেছিলেন কানাডার এক নারী। কিন্তু পাত্র তার বয়স জানতে পেরে বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানা এলাকায়। বিয়ের বিষয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে ওই নারী কানাডা দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ।

নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপে ওই নারীর সঙ্গে পরিচয় হয় হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিনের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

সেই পরিকল্পনা অনুযায়ী, পর্যটক ভিসায় ভারতে আসেন ওই নারী। গত ১১ নভেম্বর দিল্লিতে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে নিয়ে যান নিতিন। পরে তারা রাজস্থানের নিমরানায় নিতিনের চাচা ও চাচির একটি ফ্ল্যাটে ওঠেন।

পুলিশ জানায়, সেখানে দুদিন একসঙ্গে ছিলেন তারা। এ সময় বিয়ে নিয়েও আলোচনা এগোচ্ছিল। কিন্তু নারীর বয়স জানার পর পরিস্থিতি বদলে যায়। তার বয়স প্রায় ৬১ বছর বলে জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর নিতিন বিয়েতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

বিরোধের পর গত ১৩ নভেম্বর কানাডা দূতাবাসে যোগাযোগ করে পুরো ঘটনা জানান ওই নারী। দূতাবাসের কাছ থেকে খবর পেয়ে নিমরানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও নিতিনকে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের জন্য নিতিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে কানাডার ওই নারীকে কোটপুতলির কোর সেন্টারে রাখা হয়েছে।পুলিশ জানিয়েছে, নিতিন হরিয়ানার পানিপথের বাসিন্দা। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
যে জাফরান বারান্দাতেই ফলানো যায় তা কেন এত দাম দিয়ে কিনবেন?
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড
সর্বশেষ খবর
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি