মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৯

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের দিন সোমবার (১৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। অন্যদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিকালে সড়ক অবরোধ করেন একদল শ্রমিক। এদিন শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৭টি এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার সকালে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। একই দিন বিকাল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে শ্রমিকেরা সড়কে জড়ো হয়ে অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে কিছু সময় পর তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্পাঞ্চল পুলিশ জানায়, সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে ২৭টি কারখানা শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় এবং নয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাকি কারখানাগুলোতে সাধারণ ছুটি ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, দুপুরে খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন। পরে কর্তৃপক্ষ সেখানে ছুটি ঘোষণা করে। আরও দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে ছিলেন। তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন।

এর আগে সোমবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। কয়েক দিনের উত্তেজনার পর এসব এলাকায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক ছিল। তবে শ্রমিক অসন্তোষের কারণে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় ৩০টি কারখানা বন্ধ ছিল এবং দুটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছিলেন।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সকালে জানিয়েছিলেন, তাঁদের আওতাধীন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় ৮০০টি পোশাক কারখানার মধ্যে বিভিন্ন কারণে ৩০টি বন্ধ ছিল। এর মধ্যে ২৭টি শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ এবং চারটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। দুটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কর্মবিরতি পালন করছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েও কাজ শুরু না করায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ পদ্ধতিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। এ সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। বোর্ডের নোটিশে ‘অনিবার্য কারণের’ কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াও রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা সভা স্থগিতের কারণ হিসেবে আলোচনায় ছিল।

মালিকপক্ষের প্রস্তাবের খসড়ায় অধিকাংশ উদ্যোক্তা ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে মত দিয়েছিলেন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা ছিল, মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব জমা পড়লে শিল্পাঞ্চলে চলমান অসন্তোষ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর