রায়পুরে নারীদের জন্য নির্মিত ৩ মার্কেটই এখন পুরুষদের দখলে

তাবারক হোসেন, রায়পুর
০৯ মার্চ ২০২৪, ০৮:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:০০

অব্যবস্থাপনার কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত তিন মার্কেটের এখন বেহাল দশা। ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে দেখভাল করার কথা থাকলেও কার তত্ত্বাবধানে এগুলো চলছে- কেউ জানে না। এ সুযোগে নারীদের মার্কেটগুলো এখন পুরুষের দখলে চলে গেছে।

নারীদের তৈরি কুটিরশিল্পের পণ্যসামগ্রী তাদের দিয়েই বিপণন, প্রদর্শন ও স্ব-উদ্যোগী করার লক্ষ্যে সরকার এসব মার্কেট নির্মাণ করে। অথচ অব্যবস্থাপনার সেগুলোর এখন দুরবস্থা। আয় থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়ন পরিষদ।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু নারী উদ্যোক্তাদের জন্য উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার, উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) পূর্বাঞ্চলীয় পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৯ সালে মার্কেটগুলো নির্মিত হয়। প্রাপ্ত ভাড়ার পাঁচ শতাংশ ভূমি রাজস্ব খাতে, ১৫ শতাংশ মার্কেটের রক্ষণাবেক্ষণে ও ৮০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের তহবিলে জমা হওয়ার কথা।

হায়দরগঞ্জে নির্মিত মার্কেটে শাহিদা বেগম, ফরিদা বেগম, তাছলিমা বেগম, পারভিন বেগম ও দেলোয়ারা বেগমের নামে পাঁচটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তারা কখনও নিজেরা ব্যবসা করেননি। দোকানপ্রতি বছরে ২০ হাজার টাকায় ভাড়া দিয়েছেন রাশেদ ব্যাপারী, ইকবাল হোসেন, রাকিব পাটওয়ারী ও মুরাদ হোসেনের কাছে। তারা সেখানে শাকসবজি, হোটেল ও ক্রোকারিজের ব্যবসা করছেন।

রায়পুরে নারীদের জন্য নির্মিত ৩ মার্কেটই এখন পুরুষদের দখলে

মার্কেটটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দোকান বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি চুক্তি হয়। সেখানে উল্লেখ ছিল, প্রতি বর্গফুটের ভাড়া ৪ দশমিক ৫৮ টাকা। বরাদ্দপ্রাপ্তরা কখনও দোকানের মালিকানা দাবি ও হস্তান্তর বা সাবলিজ দিতে পারবেন না। নারী নিজে অথবা পরিবারের কোনও নারী সদস্য বা নারী কর্মচারী দিয়ে দোকান পরিচালনা করবেন। কোনও অবস্থাতেই আত্মীয় বা অনাত্মীয় পুরুষ লোককে দোকানের বিক্রেতা বা পরিচালনায় নিযুক্ত করতে পারবেন না। পাঁচ বছর মেয়াদি চুক্তিপত্রটি আর নবায়নও করা হয়নি। বরাদ্দপ্রাপ্তরা কেউ দোকানের নির্ধারিত ভাড়া ইউনিয়ন পরিষদকেও পরিশোধ করেননি।

দোকান বরাদ্দ পাওয়া তাছলিমা বেগম বলেন, ‘আমরা মহিলা হওয়ায় বাজারে বসে ব্যবসা করা সম্ভব নয়। তাই আমাদের নামে দেওয়া দোকানগুলো পুরুষদের কাছে ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি। একবার চুক্তিপত্রও দেওয়া হয়েছে। ইউনিয়নে কয়েকবার ভাড়ার টাকা দিয়েছি। এখন আর ভাড়া দেই না।’

রায়পুরে নারীদের জন্য নির্মিত ৩ মার্কেটই এখন পুরুষদের দখলে

এদিকে উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট বাজারের মার্কেট নির্মাণের প্রায় ১৫ বছর হতে চললেও এগুলো এখনও কারও নামে বরাদ্দ দেওয়া হয়নি। খাসেরহাট মার্কেটটিতে ব্যবসা পরিচালনা করছেন শহিদুল ইসলাম নামের একজন। তিনি স্থানীয় রুহুল আমিন খলিফা, মফিজুর রহমান খান, নাজিবুল্লাহ ছৈয়াল ও আবুল কালামের কাছ থেকে ঘরগুলো ভাড়া নিয়ে ব্যবসা করছেন বলে দাবি করেন। সরকারি বরাদ্দ নেওয়ার কাগজ বা কোনও ভাড়া চুক্তিনামা তিনি দেখাতে পারেননি।

উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন হাওলাদার ও উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর উল্লাহ দুলাল হাওলাদার বলেন, ‘মার্কেট ইউনিয়নের তত্ত্বাবধানে রয়েছে এবং পরিষদ ভাড়া নেবে- এটা আমাদের জানা ছিল না। এগুলো কেউ জবরদখল করে থাকতে পারবেন না। দ্রুত এগুলোর একটি ব্যবস্থা করা হবে।’

উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলজিইডির রায়পুর প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সুমন মুন্সি বলেন, ‘নির্মাণের পর এগুলো হস্তান্তর করে দেওয়ায় এখন কোনও দায়িত্বে নেই আমাদের। হাটবাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়টি দেখভাল করে থাকেন।’

/এফআর/
সম্পর্কিত
নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়ন হলে জিডিপি তিনগুণ হতো: সিইসি
১৬ মার্চ নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি 
নারীর এগিয়ে যাওয়ার প্রত‍্যয়
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা