বিএনপির কোনও কর্মীর গায়ে ফুলের টোকা পড়লে আইনের আওতায় আনতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ২০:০৭ আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২০:০৭

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপির কোনও কর্মীর গায়ে ফুলের টোকা পড়লে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।’

শুক্রবার (০৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়ি পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শামা ওবায়েদ ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

আধিপত্য বিস্তার ও চাঁদা দাবিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরুটিয়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরসহ আওয়ামী লীগ সমর্থক একজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরুটিয়া গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া। অপর পক্ষে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্লা। 

এলাকা পরিদর্শনকালে চেয়ারম্যান আফছার মাতুব্বরকে ঘটনার জন্য দায়ী করেন এবং তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘যদি আফছার চেয়ারম্যান এই সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান, তাহলে তাকে দলমত নির্বিশেষে মিলেমিশে চলতে হবে। আর যদি এই ধরনের অন্যায় কাজ করেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। পরিষ্কার করে বলছি, বিএনপি কারও ওপর নির্যাতন করতে চায় না। কেউ যদি আমাদের কোনও নেতাকর্মীর ওপর ফুলের টোকা দেয় তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে। আমরা সালথায় শান্তিপূর্ণ সহাবস্থান চাই। সেই শান্তি যদি কেউ বিনষ্ট করে, অশান্তি তৈরি করে তাদের কাউকে পুলিশ প্রশাসনের ছাড় দেওয়া উচিত নয়।’ 

বিএনপি নেতা মিন্টু মিয়াকে নিরাপরাধ দাবি করে শামা ওবায়েদ বলেন, ‘মিন্টুর দোষ ছিল রোজার মাসে বিএনপির ইফতার পার্টিতে যোগ দেওয়া। এ কারণে গ্রামের বাড়িতে হামলা চালানো হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ঘটনায় আমাদের দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

তবে বেলায়েত মোল্লা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতার ছেলে মিন্টু মিয়া এলাকায় থাকতে হলে আমাকেসহ আমাদের অনেকের কাছে চাঁদা চান। সম্প্রতি মালয়েশিয়া থেকে অসুস্থ হয়ে বাড়িতে এসেছেন আমাদের সমর্থক আজিজুল। মিন্টু মিয়ার সমর্থকরা তার কাছে চাঁদা দাবি করেন। টাকা কম দেওয়ায় আজিজুলকে কুপিয়ে আহত করা হয়। খবর শোনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আমরা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানাই। এরপর বিএনপির লোকজন ঢাল-সরকি নিয়ে আমার বাড়িতে হামলা করে আমাদের ১০-১২টি বাড়ি ভাঙচুর করে এবং একজনের বাড়িতে আগুন দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আফছার মাতুব্বরের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। বাবা কেন হামলার নেতৃত্ব দিতে যাবেন। বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছে তারা।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। চাঁদা ও পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুরসহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম