পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২

পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে হিমায়িত খাদ্য রফতানি কমে গেছে। সময়মতো জাহাজ পাওয়া ও বায়ারদের সিডিউল ঠিক রাখতে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এ কারণে গত তিন বছরে মোংলা বন্দর দিয়ে হিমায়িত খাদ্য রফতানি অর্ধেকে নেমে এসেছে।

অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় ঢাকা থেকে গার্মেন্টস পণ্য রফতানিতে ব্যবসায়ীরা মোংলা বন্দরের দিকে ধাবিত হচ্ছেন। এ কারণে গত তিন বছরে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য রফতানি শুরু হয়েছে। পদ্মা সেতু চালুর আগে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস রফতানি ছিলো না।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর আগে ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৬৪৮ বক্সে ৩ হাজার ৮১ টিইইউ কনটেইনারে ৩৩ হাজার ৩১৬ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি হয়। আর ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৪৪৬ বক্সে ২ হাজার ৮৩৩ টিইইউ কনটেইনারে ৩১ হাজার ৭১৫ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি হয়।

পদ্মা সেতু চালু হয় ২০২২ সালের ২৫ জুন। এ অবস্থায় ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ২৮ বক্সে ২ হাজার ১৯ টিইইউ কনটেইনারে ২২ হাজার ৫৭৫ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি হয়। পাশাপাশি গার্মেন্টস পণ্য রফতানি শুরু হয়। এ সময়ে ৩৭ বক্সে ৭৪ টিইইউ কনটেইনারে ৪৫৪ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রফতানি হয়।

২০২৩-২৪ অর্থবছরে ৭৮৭ বক্সে ১ হাজার ৫২৯ টিইইউ কনটেইনারে ২২ হাজার ৫৭৬ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি হয়। এ সময়ে গার্মেন্টস পণ্য রফতানি আগের বছরের তুলনায় ১০ গুণ বৃদ্ধি পায়। ৩৫৪ বক্সে ৭০৬ টিইইউ কনটেইনারে ৪ হাজার ৭৩০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রফতানি হয়।

২০২৪-২৫ অর্থবছরে হিমায়িত পণ্য রফতানি নেমে আসে অর্ধেকে। এ সময়ে ৭৬৮ বক্সে ১ হাজার ৫২৯ টিইইউ কনটেইনারে ১৭ হাজার ২৬২ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি হয়। পাশাপাশি ৩২৬ বক্সে ৬৫২ টিইইউ কনটেইনারে ৪ হাজার ১৮১ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রফতানি হয়।

এরপরও মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন সাফল্য দেখিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৭ কোটি ৮৭ লাখ টাকা। অর্জন হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয়ের পাশাপাশি আগের অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৪০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা। যা গত অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, খুলনার ভাইস প্রেসিডেন্ট এস কে কামরুল আলম বলেন, হিমায়িত খাদ্য রফতানিতে বায়ারদের সিডিউল থাকে, টাইম বেরিয়ার থাকে। মোংলা বন্দরে ওই সিডিউল অনুযায়ী জাহাজ সব সময় থাকে না। কিন্তু চট্টগ্রামে পাওয়া যায়। তাই বায়ারদের সিডিউল ঠিক রাখতে কিছু পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রফতানি করতে হয়। বায়ারদের সিডিউলের সঙ্গে মোংলা বন্দরে জাহাজ থাকলে আমরা মোংলা বন্দরই ব্যবহার করছি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহাম্মেদ মোস্তফা বলেন, পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। ঢাকা থেকে মোংলা আসতে চার ঘণ্টা লাগে। আর চট্টগ্রাম যেতে লাগে সাড়ে সাত ঘণ্টা। এ কারণে গার্মেন্টস রফতানিতে মোংলা বন্দর গুরুত্ব পেয়েছে। কিন্তু এই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে হিমায়িত পণ্য দ্রুত রফতানিতে চট্টগ্রাম বন্দরে যেতে শুরু করেন ব্যবসায়ীরা। হিমায়িত পণ্য রফতানিতে সিডিউল অনুযায়ী জাহাজ দরকার হয়।

চেয়ারম্যান জানান, সংকটের মধ্যেও শুধু রাজস্ব আয় নয়, জাহাজ আগমন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়েও প্রবৃদ্ধি হয়েছে।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে মোংলা বন্দরের বার্ষিক জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা ১ হাজার ৫০০টি। কিন্তু বিদায়ী অর্থবছরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৮১৫টি। যা সক্ষমতার ৫৪ দশমিক ৩৩ শতাংশ।

কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন। বিদায়ী অর্থবছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন। যা সক্ষমতার ৮১ দশমিক ৬৭ শতাংশ।

কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১ লাখ টিইইউ। বিদায়ী অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউ। যা সক্ষমতার ২৯ দশমিক ৭১ শতাংশ। রিকন্ডিশন্ড গাড়ি হ্যান্ডলিং সক্ষমতা ২০ হাজার ইউনিট। বিদায়ী অর্থবছরে গাড়ি আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি। যা সক্ষমতার ৬০ দশমিক ৩৭ শতাংশ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজ আগমন বাড়াতে ‘ইন্টারনাল বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটি’র মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা ও কার্যক্রমে গতি আনতে বিভিন্ন বিভাগের সঙ্গে নিয়মিত সভা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

বন্দরের সক্ষমতা আরও বাড়াতে বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ, মোংলা বন্দরের আপগ্রেডেশন এবং কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পের আওতায় দুটি টাগবোট, একটি বয়া লেইং ভেসেল, একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, একটি পাইলট মাদার ভেসেল এবং একটি সার্ভে অ্যান্ড রিসার্চ ভেসেল সংগ্রহের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ভারতীয় এলওসি-৩-এর অর্থায়নে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড ও ডেলিভারি ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো বাস্তবায়িত হলে বন্দরকেন্দ্রিক শিপিং, সিঅ্যান্ডএফ, স্টিভেডরিং ও শ্রম খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

মোংলা বন্দরে জাহাজ ও শিল্পকারখানা থেকে উৎপন্ন বর্জ্য সংগ্রহ এবং নিঃসৃত তেল অপসারণে আধুনিক ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সালের জুনে প্রকল্পটি শেষ হয়।

এ ব্যবস্থার ফলে জাহাজের বর্জ্য নদী ও সমুদ্রে ফেলা বন্ধ করার পাশাপাশি পশুর চ্যানেল ও আশপাশের নদ-নদীর দূষণ কমানো এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সহায়তা করবে।

বন্দরের সামনে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও তা ধরে রাখা। একই সঙ্গে নিরাপদ ও দূষণমুক্ত নৌপথ নিশ্চিত করা, পুরোনো সহায়ক জলযান প্রতিস্থাপন, নতুন জলযান সংগ্রহ, দক্ষ জনবল তৈরি এবং বন্দর ব্যবহারকারীদের আরও বেশি করে মোংলা বন্দর ব্যবহারে উৎসাহিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া মোংলা বন্দরকে সরাসরি ‘ফার্স্ট কলিং পোর্ট’ হিসেবে প্রতিষ্ঠা, কনটেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ানো, সিঙ্গাপুরসহ গুরুত্বপূর্ণ বন্দরে সরাসরি ফিডার জাহাজ চলাচল এবং খুলনা-মোংলা ও খুলনা-ভাঙ্গা সড়ক যোগাযোগের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা। এ লক্ষ্যে সরকারের মহাপরিকল্পনা রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
সর্বশেষ খবর
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’