রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

রাজশাহী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ২০:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:৪৩

আচরণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুটি মামলা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রতিনিধি বাগমারা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বাদী হয়ে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে একটি ও সন্ধ্যায় আরেকটি মামলা করেন।

বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট থানায় মামলা করার নির্দেশ দেওয়ার পর এ দুটি মামলা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত পত্রে শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) এ মামলার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মজিদ জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পেয়েছেন একটি চিঠি। অপর চিঠিটি পান শনিবার দুপুরে। দুটি চিঠি পেয়ে তিনি শনিবার দুপুরে থানায় মামলা করেন। প্রথম চিঠিতে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় বক্তব্য এবং নৌকার বাইরে কোনও মাস্তানি চলবে না বলে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক বক্তব্য দেন। এ কারণে ইসি তার বিরুদ্ধে থানায় এজাহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় চিঠিতে বলা হয়, গত ১০ ডিসেম্বর আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। তাই নির্বাচন কমিশন আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। দুটি চিঠিতেই মামলা করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে পাঠানো হয়। এ ছাড়া সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ তা ইসিকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার অনুরোধ জানিয়ে চিঠির অনুলিপি রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছেও পাঠানো হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘দুটি চিঠির পরিপ্রেক্ষিতে আমি থানায় একটি এজাহার দিয়ে এসেছি।’ রাজশাহীর এসপি সাইফুর রহমান ইসির চিঠির অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের অনুলিপিও ইসির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পেয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। আর এ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২০০৮ সাল থেকেই এলাকার সংসদ সদস্য। পরপর তিনটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করলেও এবার মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকেই সভা-সমাবেশে নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।

ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিলে হামলার ঘটনাও ঘটেছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কালামের বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ জমা পড়েছে। তাকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশও দেয় এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি। তারপরেও তিনি সংযত হননি। শেষে গত সোমবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে সুপারিশ করে কমিটি।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী