বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন জাহাঙ্গীর আলম নামে যুবলীগ নেতা। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জাহাঙ্গীর আলম উপজেলার দেউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির নেতাকর্মীরা জানান, ২০২৩ সালের ২২ মার্চ অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির দুই নম্বর সদস্য হিসেবে জাহাঙ্গীর আলমের নাম আছে। উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গত ২ আগস্ট মোকামতলা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৩২ সদস্যবিশিষ্ট কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্যসচিব করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।
কমিটিতে ২৩ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে দেউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলমকে। পদ পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জাহাঙ্গীর আলমের এই পদ পাওয়ার পর ফেসবুকে দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির তালিকা ছড়িয়ে পড়ে। যেখানে তার নাম দুই নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে। এরপর থেকে পুরো উপজেলাজুড়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘আগে কোনও রাজনীতি করিনি। ২০২০ সালে বিদেশ চলে যাই। দেশে ফিরে ২০২৩ সালে ইউনিয়নের সদস্য (মেম্বার) নির্বাচিত হন। তখন চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম। এলাকার মানুষের স্বার্থে তার সঙ্গে চলাফেরা করেছি। কিন্তু কখনও যুবলীগের কোনও কমিটিতে ছিলাম না। যুবলীগের যে কমিটির কাগজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে, আমার মনে হয় সেটি ভুয়া।’
এ ব্যাপারে মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে রাজনীতি করছেন। তবে দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির যে তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেটি আমার নজরে আসেনি। ঘটনা সত্য হলে তদন্ত করে দলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।’









