অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির

এস এম আববাস
২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০

চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এপ্রিল মাসে ঘোষণা দিয়ে জুলাই থেকে পাইলট কর্মসূচি শুরুর কথা থাকলেও বছরের শেষ প্রান্তে এসেও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী পৌঁছায়নি। ডিসেম্বর  মাসে বিতরণ সম্ভব হবে কিনা, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে, আগামী বছরের জানুয়ারিতে নতুন বইয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কবে নাগাদ শিক্ষার্থীদের জামা ও জুতা দেওয়া হতে পারে—শুক্রবার (২৭ নভেম্বর) জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনোয়ারা ইশরাত  তা নিশ্চিত করে বলতে পারেননি। ডিসেম্বর মাসে দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘তা তো বলতে পারছি না। জামা ও জুতা রেডি আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেলে দিতে পারবো। মেসেজ না পেলে তো বলতে পারছি না।’’

মন্ত্রণালয়ের এই বক্তব্যে বিষয়টি স্পষ্ট যে স্কুল ড্রেস ও জুতা প্রস্তুত থাকলেও বিতরণ শুরুর বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশনা বা সম্মতির অপেক্ষায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে চলতি বছর শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

এর আগে গত ৩ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে চলতি বছরের মধ্যে বিতরণ শুরু না হলে শিক্ষার্থীদের নতুন পোশাক পাওয়ার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জুলাইয়ের প্রতিশ্রুতি, ডিসেম্বরেও অনিশ্চয়তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার ঘোষণা আসে গত এপ্রিলে। গত ৮ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কথা জানান। পরে ২২ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় পরীক্ষামূলকভাবে প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

এর এক সপ্তাহ পর ২৯ এপ্রিল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জুলাই থেকে পাইলট কর্মসূচি শুরু হবে। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এক সেট স্কুল ড্রেস, এক জোড়া জুতা ও একটি পাটের ব্যাগ দেওয়ার কথা বলা হয়।

তবে পরবর্তী সময়ে কর্মসূচির আওতা নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। আট বিভাগের ২৫টি উপজেলা ও থানার ৩ হাজার ৫২২টি বিদ্যালয়ের প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীকে নিয়ে পাইলট কর্মসূচির তথ্য প্রকাশিত হয়।

গত ৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগস্টের মধ্যে কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি দেখাতে চায় সরকার। এরপর ৮ জুন তিনি জানান, জুলাই-আগস্টে পাইলট কর্মসূচি শুরু করে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী পৌঁছানোর কার্যক্রম শুরু হয়নি নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরেও জামা ও জুতা সরবরাহের নিশ্চয়তা দিতে পারেনি মন্ত্রণালয়।   

অধিদফতরে জমা আছে পোশাক ও জুতা

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তখন পর্যন্ত অধিদফতরে দুই লাখ পাঁচ হাজার সেট স্কুল ড্রেস, ৬৭ হাজার ৯০০ জোড়া জুতা এবং এক লাখ ১৫ হাজার ২১৬টি স্কুল ব্যাগ জমা ছিল। এসব সামগ্রী জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে পাঠানোর জন্য সময়সূচিও নির্ধারণ করা হয়। তবে জেলা থেকে নির্বাচিত বিদ্যালয়গুলোতে সামগ্রী পৌঁছানো এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এসব সামগ্রী সংগ্রহ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রায় এক লাখ পাটের ব্যাগ দিয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ থেকে দুই লাখের বেশি জামা এসেছে। এ ছাড়া বাটা, বসুন্ধরা গ্রুপ, এপেক্স, জাম্প কেডস ও আরএফএল থেকে প্রায় ৬৫ হাজার জোড়া জুতা সংগ্রহের তথ্য পাওয়া যায়।

গত ২৭ অক্টোবর বাংলা ট্রিবিউনকে অতিরিক্ত সচিব (প্রশাসন) মনোয়ারা ইশরাত জানিয়েছিলেন, সিএসআরের আওতায় যেসব সামগ্রী পাওয়ার কথা ছিল, সেগুলো পাওয়া গেছে। তবে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাচ্ছিল না। আশা করা হয়েছিল নভেম্বরের শেষ দিকে স্কুল ড্রেস বিতরণের তারিখ পাওয়া যাবে। স্কুল ড্রেসের সঙ্গে জুতা দেওয়া হবে কিনা এবং পাটের ব্যাগ কবে বিতরণ করা হবে, সেটিও তখন নিশ্চিত ছিল না।

এখন নভেম্বরের শেষ সপ্তাহেও বিতরণের তারিখ নির্ধারণ হয়নি। অন্যদিকে ডিসেম্বর সামনে থাকায় চলতি বছরের মধ্যে কর্মসূচি শুরু করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, পোশাক ও জুতা প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রীর দফতর থেকে বার্তা বা নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিতরণ শুরু করা যাচ্ছে না।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে এক কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
সর্বশেষ খবর
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
চিকেন স্টাফড টমেটো
চিকেন স্টাফড টমেটো
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস