মিসরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কায়রোর পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে এনআরবি কানেক্ট টিভি।
খবরে বলা হয়েছে, নিহত নারীর নাম ফাতেমা খান খুকি (৪৪)। পেশায় বিউটি এক্সপার্ট খুকি নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত একটি মুখ।
এনআরবি কানেক্ট টিভি জানায়, সাত দিন আগে ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন খুকি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কায়রোর মার্কিন দূতাবাস বাংলাদেশে ফোন করে খুকির বোনকে মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছে।
নিহতের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, কায়রো পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ হস্তান্তর করা হবে।








