ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য দেওয়া সময়সীমা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ঘোষিত পাঁচ দিনের সময়সীমা তিনি বজায় রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বলে শুধু বলেছেন, ‘আমি জানি না’।
বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে কথা বলার সময় ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের সঙ্গে আলোচনা কতটুকু এগোচ্ছে, সেটির ওপর। তার দল আলোচনার অগ্রগতি নিয়ে তাকে কী তথ্য দিচ্ছে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, আগামী সোমবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। তবে পরে আলোচনার জন্য সেই সময়সীমা পিছিয়ে দেওয়ার কথা জানান তিনি।
সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে অনেক সময় আছে। এক দিন? ট্রাম্পের সময়ের হিসেবে এক দিন মানে কী জানেন? এটি এক অনন্তকাল।’
সূত্র: এপি









