পাকিস্তানের ইসলামাবাদে বিরতির পর আবারও আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। শনিবার রাতে দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফার এই বৈঠকে অংশ নেন বলে পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
আলোচনায় অংশ নেওয়া উভয় পক্ষকেই বিশেষজ্ঞরা সহায়তা করছেন। পাকিস্তানের ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উভয় পক্ষকেই নিজেদের মতপার্থক্য নিরসনে উৎসাহিত করছে। এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি নিশ্চিত করাই পাকিস্তানের মূল লক্ষ্য।
আলোচনার অগ্রগতি সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তারা জানান, বৈঠক ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এই মুহূর্তে এর বেশি বিস্তারিত জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। দুই দেশের এই আলোচনা থেকে উভয় পক্ষের জন্য একটি সম্মানজনক ও ফলপ্রসূ সমাধান আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন তারা।








