থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবারের (১৬ মে) এই ঘটনায় অন্তত আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষ ও দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাস ও আশপাশের যানবাহনে আগুন ছড়িয়ে পড়লে দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনায় একটি ট্রেন, বাস, কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনার কাজ চালায়, আর দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বর্তমানে আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দমকলকর্মীরা সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।








