ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল অভিমুখে যাওয়া মার্কিন সমরাস্ত্রবাহী বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। এই ঘটনায় ফ্রান্সের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ফ্রান্স রাষ্ট্রটি ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম বোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেয়নি। ইরানের সেই ‘কসাইকে’ (সাবেক সর্বোচ্চ নেতা) সফলভাবে নির্মূল করার ক্ষেত্রে ফ্রান্স অত্যন্ত অসহযোগিতামূলক আচরণ করেছে!’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে ফ্রান্সের এমন কঠোর অবস্থানকে ট্রাম্প ‘অত্যন্ত নেতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে স্পেন ও ইতালির মতো ইউরোপীয় দেশগুলোও মার্কিন সামরিক অভিযান ও আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল। ট্রাম্পের এই বার্তার পর ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এপি








