ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে দেশটির নৌ ও বিমানবাহিনীসহ যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক হামলায় ইরানের অন্তত ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবাহিনীর পাশাপাশি দেশটির বিমানশক্তির বড় অংশ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও অকেজো করে দেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পূর্ববর্তী মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার দাবি, এই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বর্তমান অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসব হামলা ইরানের সামরিক শক্তির ওপর চূড়ান্ত আঘাত হেনেছে।
ইরানের সঙ্গে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ পরে ডেলাওয়ারের ডোভার এয়ারফোর্স বেসে যাওয়ার কথা রয়েছে। সেখানে নিহত এই ছয় সেনার মরদেহ হস্তান্তরের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তিনি যোগ দেবেন।
ট্রাম্পের এই নতুন দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।








