যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে তার নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে ওই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্স-এ দেওয়া বার্তায় তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীও জেনারেল নায়েইনিকে হত্যার খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর চালানো এক বিমান হামলায় তিনি নিহত হন।
সূত্র: আল জাজিরা








